বাগদাদে গাড়িবোমা হামলায় ৬ জন নিহত
দক্ষিণ বাগদাদের জাদরিয়া জেলায় বৃহস্পতিবার এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ছয় জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। ইরাকি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিভিন্ন সম্প্রদায়ের বসতিপূর্ণ ওই এলাকার বাগদাদ ইউনিভার্সিটি এবং আল-হামরা হোটেলের মাঝের রাস্তায় পার্ক করা ছিল বোমা বহনকারী গাড়িটি।
পুলিশ জানায়, বিস্ফোরণে অনেকগুলো গাড়ি পুড়ে গেছে।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে মধ্য বাগদাদের শোরজা মার্কেটের কাছে রাস্তার পাশে পুতে রাখা একটি বোমার বিস্ফোরণে দুই জন নিহত এবং ১০ জন আহত হয়।
ইরাকের সংখ্যাগুরু শিয়া ও এক সময়কার ক্ষমতাশালী সুন্নি আরব সম্প্রদায়ের মধ্যে একটি সর্বাত্মক গৃহযুদ্ধ ঠেকানের প্রচেষ্টা হিসাবে মধ্য ফেব্রুয়ারি থেকে রাজধানী বাগদাদে এক নিরাপত্তা অভিযান চালিয়ে আসছে মার্কিন ও ইরাকি সেনারা।
