নির্বাচন সংক্রান্ত নতুন ডিক্রি অসাংবিধানিক: ইউক্রেন প্রধানমন্ত্রী
ইউক্রেনে নির্বাচন এগিয়ে আনা সংক্রান্ত প্রেসিডেন্টের জারি করা নতুন ডিক্রিটিও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফকে উদ্ধৃত করে বার্তাসংস্থা আরআইএ বৃহস্পতিবার একথা জানায়।
প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশচেঙ্কো ২৪ জুন আগাম নির্বাচন সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন বুধবার। এর আগে ২৭ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করে ২ এপ্রিল আরেকটি ডিক্রি জারি করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচ এর বিরোধিতা করে বলেছেন, প্রেসিডেন্ট নতুন যে ডিক্রি জারি করেছেন তাও অসাংবিধানিক। ২ এপ্রিল জারি করা ডিক্রি ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছেন ইয়ানুকোভিচ।
প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ সের্গেই লেভোচকিনকে উদ্ধৃত করে বার্তাসংস্থা আরআইএ জানায়, “প্রেসিডেন্টের আগের ডিক্রি ছিল পার্লামেন্টে ভেঙে দেওয়ার এবং এবারের ডিক্রি নির্বাচন পেছানোর। এসব ডিক্রি অসাংবিধানিক।”
দেশের শাসন ক্ষমতা নিয়ে ইয়ুশচেঙ্কো ও ইয়ানুকোভিচের মধ্যকার দ্বন্দ্ব পুরনো। পশ্চিমাপন্থী প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সেনা জোটের সম্পর্ক ভালো। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো মস্কোর।
