২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনায় অগ্রগতির দাবি ইরান ও ইইউর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইরান জানিয়েছে, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলবস্থা অবসানের লক্ষ্যে বুধবার অনুষ্ঠিত আলোচনায় তারা অগ্রগতি অর্জন করতে পেরেছে। পশ্চিমের আশঙ্কা ওই কর্মসূচি পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2007, 02:19 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা এবং ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী আলী লারিজানি বৃহস্পতিবার একটি যৌথ সংবাদ সম্মেলন করার পরিকল্পনা নিয়েছেন। যদিও তারা দুই সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসতে ইতিমধ্যেই রাজি হয়েছেন। আলোচনায় কী অগ্রগতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সোলানা ও লারিজানির মধ্যকার বুধবারের আলোচনা গড়িয়েছিল ডিনারের টেবিল পর্যন্ত। যেখানে তারা দুজন এক ঘণ্টার বেশি সময় একান্তে আলোচনা করেন।

ইরানের একটি গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি আছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির। অন্যদিকে তেহরান বলছে, তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং তা তাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

অগ্রগতি হয়েছে কিনা-ডিনারে যাওয়ার পথে রয়টার্সের এ প্রশ্নের জবাবে লারিজানি বলেন, “হ্যাঁ।” তবে কী অগ্রগতি হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

যদিও পরে ফারসিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ইরানের পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে সন্তোজনক আলোচনা হয়েছে। এ থেকে কিছু নতুন ধারণা পাওয়া গেছে। আমরা দুই সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসব।”

ডিনার টেবিলে আলোচনাকে সোলানা ‘গঠনমূলক’ বলে অভিহিত করেন। তার এক সহযোগী নিশ্চিত করেছেন যে দুই সপ্তাহের মধ্যে আবারও আলোচনা শুরু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইউর এক কূটনীতিবিদ বলেন, সফলতা হচ্ছে, ইরানকে তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত রাখতে মুখ রক্ষা করার মতো একটি উপায় পাওয়া গেছে।

জাতিসংঘের অবরোধের ক্রমবর্ধমানের চাপ সত্ত্বেও এ সপ্তাহের প্রথম দিকে সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ না করা সংক্রান্ত ইরানের একটি হুমকির কারণে আঙ্কারা আলোচনায় সফলতা আসতে পারে-এমন প্রত্যাশা কেউই করেনি।

সব সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের পূর্বেকার আহ্বানের কথা উল্লেখ করে লারিজানি বুধবারের বৈঠকের আগে বলেন, ‘অযৌক্তিক’ পশ্চিমা শর্তগুলো অচলবস্থা অবসানের কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে ব্যর্থ করে দিয়েছে। এ অচলবস্থা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা কারও কারও।

বুধবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সীমিত বা খণ্ডিত কোনো ধরনের সমৃদ্ধকরণ কর্মসূচিকে আমরা সমর্থন করব না।”

এদিকে ইরানে জাতিসংঘের পর্যবেক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠ কূটনীতিকরা বলছেন, ইরান বড় ধরনের সমৃদ্ধকরণ কর্মসূচি কয়েক বছর ধরে চালিয়ে যাবে না।

তাদের একজন বলেন, পশ্চিম যদি সত্যিই ইরানকে বোমা তৈরি থেকে বিরত রাখতে চায় তবে সেটা করা খুবই সহজ-প্রয়োজন শুধু পূর্বশর্ত ছাড়া আলাপ-আলোচনা এবং ইরানকে মুখ রক্ষার এবং আইএইএর পর্যবেক্ষণে ছোট্ট একটি সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে দেওয়া।