আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৭ সেনা নিহত
পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বুধবার রাস্তার পাশে পুতে রাখা একটি বোমা বিস্ফোরণে সাত আফগান সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা রক্ষীদের উপর চালানো কয়েক দফা হামলার এটি সর্বশেষ।
প্রাদেশিক গভর্নর আকরাম খপেলওয়াক সাংবাদিকদের জানান, দক্ষিণপূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের ওয়াজা খাও জেলার একটি মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় আফগান সেনাবাহিনীর গাড়িটি রাস্তার পাশে পুতে রাখা ওই বোমার বিস্ফোরণে উড়ে যায়।
তাৎক্ষণিভাবে কেউ এই হামলার দাবি জানায়নি, যদিও একই ধরনের অসংখ্য হামলার দাবি তালেবান অতীতে করেছে। তালেবানরা আফগান সরকার ও তার সমর্থক বিদেশি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করার অঙ্গীকার করেছে।
বুধবারের হামলা ছিল গত কয়েক মাসের মধ্যে আফগান সেনাদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে ভয়াবহ। তবে গত দুই সপ্তাহের বিস্ফোরণগুলোয় মারা গেছে প্রায় ২০ জন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা।
অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মঙ্গলবার রাতে এক হামলায় নিহত হয় চার পুলিশ সদস্য। পুলিশ ওই হামলার জন্য দায়ি করেছে তালেবানকে।
শীতের শেষে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাবাহিনীর হাতে আফগানিস্তানের তালেবান সরকারের পতনের পর গত বছরই সেখানে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়। আর অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, আফগানিস্তানে এ বছর সহিংসতা নিতে পারে ভয়াবহ রূপ।
তালেবান কমান্ডাররা বলেছেন, দেশজুড়ে হামলা চালানোর নির্দেশের অপেক্ষায় আছেন হাজার হাজার আত্মঘাতী বোমা হামলাকারী।
আফগান সরকার এবং বিদেশি সেনারা বলছে, মরিয়া তালেবান সদস্যরা ক্রমবর্ধমান হারে আত্মঘাতী এবং দূরনিয়ন্ত্রিত বোমা হামলার দিকে ঝুঁকে পড়ছে।
