২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনা বাড়ানো নিয়ে পর্যালোচনা হবে সেপ্টেম্বরে: বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই বোঝা যাবে যে ইরাকে সেনা বাড়ানোর নতুন কৌশল কাজ করছে কিনা। নতুন কৌশলের সাফল্য সম্পর্কে এখনই মন্তব্য করাটা ঠিক হবে না বলে উল্লেখ করে তিনি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2007, 11:58 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

যুক্তরাষ্ট্রের জনসম্প্রচার ব্যবস্থার ‘চার্লি রোজ শো’ অনুষ্ঠানে মঙ্গলবার সাক্ষাতকার দেন বুশ। ইরাক যুদ্ধে নতুন কৌশলের অগ্রগতি সম্পর্কে একটি মূল্যায়ন কবে নাগাদ আশা করা যেতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বুশ বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস মনে করছেন সেনা বাড়ানোর কার্যকারিতা মূল্যায়নের সময় এখনও আসেনি। কারণ সেনা বাড়ানো হয়েছে মূলত বাগদাদে এবং সেনা মোতায়েনের কাজটি মাঝপথে রয়েছে মাত্র।

তিনি বলেছেন, “জেনারেল পেত্রাউস হয়তো সেপ্টেম্বর নাগাদ আপনাদের জানাতে পারেন যে এ কৌশল কতোটা কাজ করছে কিংবা আদৌ কাজ করছে কি না।”

কিন্তু ইরাকে আরও ৩০ হাজার নতুন সেনাসহ মোট এক লাখ ৬০ হাজার সেনার অবস্থান কতোদিন স্থায়ী হবে তা জানতে চাওয়া হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যায় বুশ প্রশাসন। তারা বলছেন, সেপ্টেম্বরে পরিস্থিতি পর্যালোচনার পরই তা বলা যাবে।

এদিকে ওয়াশিংটনে ইরাক নিয়ে বুশ প্রশাসনের সঙ্গে ডেমোক্রেটদের বিরোধ বেড়েই চলেছে এবং দেশটিতে মার্কিন সেনা অবস্থানের মেয়াদ নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে। ইরাকি গেরিলাদের আত্মঘাতী বোমা হামলায় সোমবার বাগদাদে নয় মার্কিন সেনা নিহত হওয়ার পরদিনই প্রেসিডেন্ট বুশ সেনা অবস্থানের মেয়াদ নিয়ে একথা বললেন।