২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে যুদ্ধ মহড়া দিচ্ছে মার্কিন নৌবাহিনী

উপসাগরীয় দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে মার্কিন নৌসেনা এবং বাহরাইনের বিশেষ বাহিনীসহ কয়েকটি সংস্থা বিশাল এক যুদ্ধ মহড়া দিচ্ছে। এক বিবৃতিতে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইরানের অতি নিকটবর্তী সাগরে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে বড় মহড়া দেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ‘ডিজার্ট সেইলর ০৭’ নামের এ মহড়া। এতে অংশ নিচ্ছেন মার্কিন নৌবাহিনী ও প্রতিরক্ষা দপ্তরের আটশ’র বেশি সদস্য।

বিবৃতিতে বলা হয়েছে, “আয়োজক দেশ এবং মার্কিন নৌবাহিনীকে একত্রে একটি একক সমস্যা ব্যবস্থাপনা দলে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে ‘ডিজার্ট সেইলর ০৭’ এর। যারা গণহত্যার পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আসা সম্ভাব্য যেকোনো সমস্যা সমাধানে একযোগে কাজ করবে।”

এদিকে বাহরাইনে অনুষ্ঠিত সবচেয়ে বড় এ মহড়ার পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র। তবে আঞ্চলিক ঘটনাগুলোর সঙ্গে মহড়াটির সময়ের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি জানান, সর্বশেষ একই ধরনের একটি মহড়া ২০০৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি এবং গত মাসে ইরান কর্তৃক ১৫ ব্রিটিশ সেনাকে আটক ও পরে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনের প্রতিবেশী দেশ ইরান ও পশ্চিমের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবারের মহড়ার সঙ্গে সাগরের জাহাজের কোনো সংশ্লিষ্টতা নেই, আছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটির। আর তাতে অংশ নিচ্ছে মার্কিন নৌবাহিনীর বিস্ফোরক নিস্ক্রিয়কারী এবং জরুরি কাজে নিয়োজিত টিমগুলো।