২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে রাজতন্ত্র পতনের বার্ষিকী পালন করছে নেপাল

সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বোমার পরিবর্তে বৃষ্টির মতো টুপটাপ করে ঝরে পড়ছে ফুলের পাপড়ি। কাঠমান্ডুর রাস্তায় সমবেত হাজার হাজার জনতার জয়ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রাজতন্ত্র পতনের এক বছর পূর্তিতে মঙ্গলবার এভাবেই উৎসব করেছে নেপাল। দিনটি উপলক্ষে বিশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাসহ অন্যান্য নেতারা।

২৪ এপ্রিল রাজা জ্ঞানেন্দ্রের নিরঙ্কুশ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর এক বছর পূর্তিতে দেওয়া ভাষণে কৈরালা বলেন, “জনগণের ত্যাগ তিতিক্ষা আর সাহসিকতার মধ্য দিয়েই অর্জিত হয়েছে এ ঐতিহাসিক বিজয়।”

“এ বিজয়কে কেউ কখনওই লুট করতে পারবে না।”

বর্ষীয়ান এ নেতা বলেন, “নিজেদের অধিকার রক্ষার জন্য অনেক সংগ্রামের মধ্য দিয়ে এ দিনটি অর্জন করেছে নেপালের মানুষ।”

এদিকে নেপালের মানুষ যখন রাজতন্ত্র থেকে মুক্তির আনন্দে রাজধানীতে উৎসব করছে তখন সব ক্ষমতা হারানো রাজা জ্ঞানেন্দ্র নিজের পরিবার পরিজন নিয়ে কাঠমান্ডুর বাইরে এক মন্দিরে ‘শক্তি দেবীর’ আরাধানায় গিয়েছেন। এটি তার পরিবারের বার্ষিক অর্চনার প্রথা বলে জানা গেছে।

রাজা সরে দাঁড়িয়েছেন, মাওবাদী ও সরকারের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। কিন্তু প্রতিশ্রুত পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তেরাই সমভূমির মাধেসিদের স্বায়ত্ত্বশাসন প্রশ্নের সুরাহা হয়নি কোনো।

ভবিষ্যতের শঙ্কা যতোই থাকুক, এ অর্জনকে ম্ল¬ান হতে দিতে চান না নেপালিরা। রাজতন্ত্রের বিরুদ্ধে এ বিজয়কে স্মরণীয় করে রাখতে সবার বাড়ি বাড়ি আলোক শিখা জ্বেলে রেখে দিনটি পালন করছে নেপালিরা।

পরিস্থিতি আপাতত শান্ত হলেও দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য আরও সময় প্রয়োজন। যতো শিগগির সম্ভব নির্বাচনের জন্য এরমধ্যেই সরকারকে চাপ দিতে শুরু করেছে মাওবাদীরা। দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে আবারও রাজপথের আন্দোলনে ফিরে যাওয়ারও হুমকি দিয়েছে তারা।

ফলে একটি নির্বাচন আর নতুন সংবিধান প্রণীত হলেই দেশটির ভাগ্য পরিবর্তন হবে কিনা সে প্রশ্ন এখন নেপালিদের সামনে।