২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় অস্ত্রবিরতি বজায় রাখার আহ্বান হামাস সরকারের

ইসরায়েলে রকটে হামলা চালানোর মধ্য দিয়ে হামাসের সামরিক শাখা মঙ্গলবার পাঁচ মাসব্যাপী অস্ত্রবিরতি চুক্তির ইতি টানার ঘোষণা দিলেও তা মেনে চলার আহ্বান জানিয়েছে হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাশাম গাজা উপত্যকায় পাঁচ মাসের অস্ত্রবিরতি প্রত্যাখান করে এর জন্য ইসরায়েলকে দায়ি করার কয়েক ঘন্টা পরই তা অক্ষুন্ন রাখার ওই আহ্বান জানালো সরকার।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র গাজী হামাদ বলেন, “সরকার শান্তির পরিবেশ বজায় রাখার ইচ্ছাই পুনর্ব্যক্ত করেছে। সরকার চায় শান্তবস্থা এমনভাবে বিরাজ করুক যাতে জাতি ও জনগণের স্বার্থ রক্ষা হয়।”

এর আগে বিবৃতিতে হামাসের সামরিক শাখা জানায়, “আমাদের ও দখলদারদের মধ্যে কোনো সম্প্রীতি থাকতে পারে না।”

ওই বিবৃতি দেয়ার আগে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তারা গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালায়।

গত বছর পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ফিলিস্তিনি জঙ্গি দল হামাস নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়। তবে তারা বলে আসছিল, ফিলিস্তিনিদের হত্যার পাল্টা জবাব দেওয়া হবে। ইসরায়েল গত সপ্তাহের শেষদিকে পশ্চিম তীরে পাঁচ জঙ্গিসহ নয়জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইলের বিরুদ্ধে কঠোর পন্থা নেয়া হবে কিনা তা নিয়ে হামাস নেতাদের মধ্যেই মতভেদ আছে। কিন্তু হামাস এধরনের কোনো মতানৈক্যের কথা অস্বীকার করেছে।

ইসরায়েল হামাসের সামরিক শাখার অস্ত্রবিরতি প্রত্যাখ্যানের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে গাজা উপত্যকা থেকে ছয়টি মর্টার শেল নিক্ষেপ করা হয় এবং তা তাদের ভূখণ্ডে এসে পড়ে। যদিও রকেট হামলাগুলো সম্পর্কে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কেও কোনো খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা বলেছেন, “পশ্চিম তীর ও গাজা উপত্যকায় আমাদের জনগণের ওপর অব্যাহত ইহুদি অপরাধের পাল্টা জবাব” হিসেবে তারা গাজা উপত্যকা থেকে প্রায় ৩০টি রকেট ও ৫০টি মর্টার শেল নিক্ষেপ করেছেন।

সংগঠনটি জানায়, তাদের রকেট হামলা চালানো হয়েছিল মধ্য ও দক্ষিণ গাজা থেকে। তবে পরবর্তীতে তারা জানায়, বেশিরভাগ রকেট নিক্ষেপ করা হয় উত্তর থেকে। আর তাদের সেসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অধিবাসী।

গাজার ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের অভ্যন্তরে মাঝেমধ্যেই রকেট হামলা চালিয়ে থাকে। তবে সাধারণত সেগুলো চালানো হয় ফিলিস্তিনিদের ওপর হামলার পাল্টা জবাব হিসাবে। হামাস বলছে, অস্ত্রবিরতি চুক্তির পর থেকে তারা আর কোনো রকেট হামলা চালায়নি, যদিও গাজার একটি সীমান্তের গোলাগুলি ও মর্টার শেল হামলার দায়দায়িত্ব গত মাসে স্বীকার করে তারা।