বাগদাদ প্রাচীর নিয়ে সংশয়, ক্ষোভ ইরাকে
বাগদাদের সুন্নি অধুষ্যিত এলাকাগুলোকে পার্শ্ববর্তী শিয়া এলাকা থেকে আলাদা করতে মার্কিন বাহিনীর প্রাচীর নির্মাণের বিষয়টি নিয়ে ইরাকে ক্ষোভ সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি প্রাচীর নির্মাণ বন্ধের নির্দেশ দেয়ার পরও মার্কিন বাহিনীর দিক থেকে ইতিবাচক সাড়া না মেলায় বিষয়টি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অধিবাসীদের তীব্র সমালোচনার মুখে মালিকি রোববার মার্কিন বাহিনীকে ওই প্রাচীর নির্মাণ বন্ধের অনুরোধ জানান।
সংঘাতপ্রবণ প্রতিবেশী এলাকগুলোকে আলাদা করে ফেলার নতুন কৌশল হিসেবে আধামিয়া জেলার চারপাশে সিমেন্টের প্রাচীর নির্মাণ শুরু করে মার্কিন বাহিনী। ইরাকের সংঘাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবদের মধ্যে গৃহযুদ্ধ ঠেকানের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাজধানী বাগদাদে যে নিরাপত্তা অভিযান চলছে তার আওতায়ই এ পদক্ষেপ নেয় মার্কিন সেনারা।
আধামিয়ায় তিনদিকে শিয়া সম্প্রদায় পরিবেষ্টিত সুন্নি আরবরা এ প্রাচীর নির্মাণের তীব্র বিরোধিতা করেছে। সুন্নিরা মনে করছে, প্রাচীরের কারণে অন্য সম্প্রদায় থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনাও বাড়বে। অধিবাসীদের অনেকেই প্রাচীরটিকে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় নির্মিত ইসরায়েলের প্রাচীরগুলোর সঙ্গে তুলনা করছেন। আধামিয়ার শ’শ’ অধিবাসী ইতোমধ্যেই প্রাচীর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভও করেছে। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিলো প্রাচীর নির্মাণ গৃহবন্দিত্বের শামিল। এক বিক্ষোভকারীর উক্তি, “প্রাচীর তোলা হলে আমরা অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। আমাদের অবস্থা হবে ফিলিস্তিনিদের মতো। এটা আমরা মেনে নিতে পারি না।”
কিন্তু ইরাকিদের এই প্রবল আপত্তির মুখেও প্রাচীর নির্মাণ বন্ধ করার কথা বলছে না মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন নিরাপত্তা অভিযানে নিয়োজিত ইরাকের মুখপাত্র প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত থাকারই ইঙ্গিত দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, “ব্যতিক্রমী কোনো ঘটনা ছাড়া বাগদাদে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ চলবে।”
একই সংবাদ সম্মেলনে মার্কিন বাহিনীর মুখপাত্র রিয়াল এডমিরাল মার্ক ফক্স বলেছেন, “প্রাচীর নির্মাণের সিদ্ধান্তে ইরাক সরকারের সায় আছে। ইরাকের জনগণকে জঙ্গি তৎপরতা থেকে রক্ষায় ইরাক সরকারের সম্মতিতেই মাকিন বাহিনী প্রাচীর তুলছে।”
অথচ মালিকি নিজমুখেই বলেছেন যে তিনি মার্কিন বাহিনীকে এ কাজ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। প্রাচীর নির্মাণ বন্ধ করার নির্দেশও তিনি ইতমধ্যেই দিয়েছেন বলেও খবর এসেছে। ফলে দুপক্ষের বিপরীত বক্তব্যে প্রাচীর নির্মাণ নিয়ে উভয়ই একে অপরের সঙ্গে বিরোধে জড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে।
ইরাকের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে আরব দেশে সফরের শুরুতে কায়রোয় মালিকি রোববার বলেন, পাঁচ কিলোমিটার দীর্ঘ ওই প্রাচীর নির্মাণ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মালিকি আরো বলেন, “আমি গতকাল বলেছি, এর নির্মাণকাজ বন্ধ করতে হবে। আর প্রাচীরের পরিবর্তে অন্য কী বিকল্প পন্থায় এলাকাটির সুরক্ষিত রাখা যায় তাও খুঁজে দেখতে হবে। এ প্রাচীর নির্মিত হলে তাতে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তা ভেবে আমি আতঙ্কিত।”
এদিকে, মালিকি ও বাগদাদ পরিকল্পনায় জড়িত মার্কিন কমান্ডারদের মধ্যে কোনো মতভেদ হয়নি বলে রোববার জানিয়েছে মার্কিন বাহিনী। তারা বলেছে, নিরাপত্তা পদক্ষেপগুলো কীভাবে আরো ভালভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে তারা ইরাক সরকার ও কমান্ডারদের সঙ্গে সমন্বয় সাধনের পথে এগুবেন।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, “ইরাক সরকার এবং এমএনএফ-আই (মাল্টিন্যাশনাল ফোর্স-ইরাক) ইরাকের জনগণকে রক্ষা করার ব্যাপারে একমত। তবে কীভাবে তা করা যায় সেটি নিয়ে আলোচনা হয়ে আসছে এবং আমরা আলোচনা চালিয়ে যাব।”
