পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি প্রত্যাখান করতে চায় না ইরান: আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ‘পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি’ (এনপিটি) থেকে বেরিয়ে যেতে চায় না তার দেশ। বরং এ আইনগত কাঠামোর মধ্যে থেকেই শান্তিপূর্ণ উপায়ে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে মোকাবেলা করতে চায় ইরান। সোমবার স্পেনীয় টেলিভিশন চ্যানেল ‘টিভিই’কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
তেহরান থেকে সরাসরি সম্প্রচারিত ওই সাক্ষাতকারে আহমাদিনেজাদ বলেন, “আমরা ওই আইন (এনপিটি) থেকে বেরিয়ে যেতে চাই না, কিন্তু জাতীয় অধিকার রক্ষায় সচেষ্ট থাকবো আমরা।” ইরান এনপিটি থেকে) বেরিয়ে যাবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, “অবশ্যই নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের। সংলাপ এবং শান্তিপূর্ণ প্রতিরক্ষার ভিত্তিতে তা করার সবরকম যৌক্তিক ও আইনসঙ্গত অধিকার আছে সব জাতির।”
“আসলে কয়েকটি দেশ চায় পরমাণু জ্বালানি উৎপাদনে একচেটিয়া প্রভাব বজায় রাখতে। আর এটাই সব সমস্যার প্রকৃত কারণ।”
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “ইইউ যদি শুধু জাতিসংঘের কথারই ভাষাগত রূপান্তর করে মাত্র, তাহলে তাদের কাছে না গিয়ে আমরা সরাসরি জাতিসংঘের সঙ্গেই কথা বলতে পারি।”
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দেশটির শীর্ষ আলেঅচক আলোচক আলী লারিজানি ও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা বুধবার তুরস্কে বৈঠকে বসছেন।
