২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ প্রশ্নে উলফোভিচের ওপর চাপ বাড়ছে

বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পল উলফোভিচের পদত্যাগের জন্য চাপ বাড়ছে। এবার তাকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছে খোদ বিশ্ব ব্যাংকেরই ৪২ জন সাবেক শীর্ষ নির্বাহী কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 02:31 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এর আগে ব্যাংকের কর্মচারীরা গোড়াতেই উলফোভিচের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর তার পদত্যাগের ওপর চাপ সৃষ্টি করে ইউরোপীয় দেশগুলো। কিন্তু সব চাপ উপেক্ষা করে পদত্যাগ না করার ব্যাপারেই অটল থাকেন উলফোভিচ। এবার তিনি আবার নতুন করে চাপে পড়লেন।

সোমবার ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’কে লেখা এক চিঠিতে সাবেক ৪২ জন ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা উলফোভিচকে নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের মঙ্গলের জন্য তাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

চিঠিতে তারা বলেছেন, “আমরা মনে করি তিনি আর কোনোভাবেই কার্যকর নেতা হতে পারবেন না।”

কারণ, তিনি সব পর্যায়ের ব্যাংক কর্মচারীর আস্থা হারিয়েছেন। ফাটল সৃষ্টি করেছেন ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের মধ্যে। উদ্বেগজনক সম্পর্ক তৈরি হয়েছে বোর্ডের সঙ্গে। সুশাসনের ব্যত্যায় ঘটেছে এবং তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। পাশপাশি এ ঘটনায় এমন কয়েকজন শেয়ারহোল্ডার হাতছাড়া হয়ে গেছে যখন গরিব দেশ, বিশেষ করে আফ্রিকায় সাহায্যের জন্য প্রয়োজনীয় সম্পদের সফল স্থানান্তরের জন্য তাদের জরুরী প্রয়োজন ছিলো।”

চিঠির উপসংহারে বলা হয়েছে, “ব্যাংকটির মিশন আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উলফোভিচের একটিই পথ আছে: আর তা হলো পদত্যাগ করা।”

এদিকে, ইনডিপেন্ডেন্ট ইভালিউশন গ্রুপ (আইইজি) এক বিবৃতিতে উলফোভিচের কর্মকাণ্ডের সমালোচনা করে সৃষ্ট জটিলতা অবিলম্বে অবসানের আহ্বান জানিয়েছে। বিবৃতিটি ‘ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকার ওয়েবসাইটে আছে।

পত্রিকাটি জানায়, বিশ্ব ব্যাংক বোর্ড এ সপ্তায় “আনুষ্ঠানিক বিবৃতি” বিবেচনা করবে।

বিবৃতিতে আইইজি বলেছে, “প্রতিষ্ঠানটি জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে তার উন্নয়ন তৎপরতা শাসন সমস্যায় জর্জরিত।”

আইইজি সতর্ক করে বলেছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাতে ব্যাংকটির ক্লায়েন্ট দেশগুলোতে প্রতিদিনকার কাজে বিঘœ ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকটির বিশ্বাসযোগ্যতার।

বিবৃতিতে আইইজি বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালকদের বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে পরমর্শ দিয়েছে, স্মারকলিপি মোতাবেক ২০ এপ্রিলের মধ্যে ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণের।

এদিকে, কয়েকটি সূত্র রয়টার্সকে বলেছেন, উলফোভিচের ভাগ্য এ সপ্তাহেই নির্ধারিত হতে পারে। উলফোভিচ তার ক্ষমতার অপব্যবহার করে বান্ধবী সাহা রিজার পদোন্নতি পাওয়াতে সাহায্য করেছিলেন কিনা সে বিষয়ে ব্যাংক কমিটি রিপোর্টের পরই এ ব্যাপারে রায় দেবে বোর্ড।

অন্যদিকে, বিশ্বব্যাংক কর্মচারীরা এখনো উলফোভিচের পদত্যাগের দাবিতে অটল। গত সপ্তাহেও উলফোভিচের শীর্ষ দুই সহযোগীর একজন তাকে ব্যাংকের মঙ্গলের জন্য পদত্যাগ করতে বলেছেন।