ইরাক বৈঠকে অংশ নিতে ইরানকে রাইসের আহ্বান
ইরাক বৈঠকে অংশ নিতে ইরানকে আহ্বান জানয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে রাইস বলেন, ওই বৈঠকে অংশ নিতে না পারা হবে তেহরানের জন্য ‘হারিয়ে যাওয়া একটি সুযোগ’। পত্রিকাটি রাইসের ওই সাক্ষাতকার সোমবার প্রকাশ করে।
তিনি বলেন, “ইরান যদি ওই বৈঠকে অংশ না নেয় তবে তারা একটি সুযোগ হারাবে। তারা কী করবে সেটা ইরান সরকারের সিদ্ধান্ত।”
উচ্চপর্যায়ের ওই বৈঠক মের প্রথম সপ্তাহে মিশরে অনুষ্ঠিত হবে। ইরাকে কীভাবে সহিংসতা কমানো যায় তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। মার্চে ইরাকে অনুষ্ঠিত এক বৈঠকের ধারাবাহিকতায় মিশরের ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নেবে সিরিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মুত্তাকি যোগ দেবেন কিনা ইরান এখনও তা জানায়নি।
তিনি বলেন, “আমরা ইরাকের প্রতিবেশীদের সঙ্গে বৈঠকে বসছি। এক অর্থে, আমাদের একটা সুযোগ থাকবে ওই ধারণা পরীক্ষা করে দেখার যাতে মনে করা হচ্ছে অস্থিতিশীল ইরাক থেকে প্রতিবেশীরা যতোটা লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে অনেক বেশি।”
ইরানের প্রতি বুশ প্রশাসনের নীতির উদ্দেশ্য দেশটিতে ‘শাসকগোষ্ঠী পরিবর্তন’-এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, “এটা মার্কিন সরকারের নীতি নয়। নীতি হলো ইরানের শাসকগোষ্ঠীর আচরণে পরিবর্তন আনা।”
“এটা খুবই পরিষ্কার যে আমরা যেসব প্রস্তাব দিয়েছি তা দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনা, এমনকি সুযোগ-সুবিধা প্রদানের সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে।”
“ইরান যাতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সদস্যপদের জন্য আবেদন জানাতে পারে সেজন্য এ সংক্রান্ত আপত্তি তুলে নিয়েছি আমরা। আমি মনে করি, যুক্তরাষ্ট্রের অবস্থান একদমই পরিষ্কার।”
রাইস এমন এক সময় এ মন্তব্য করলেন যখন রোববার ইরানের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতি আচরণে নমনীয়তা দেখাচ্ছে।
