ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন গেটস
ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এ প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে রুশদের দেওয়া মার্কিন প্রস্তাবে রাজি হতে পুতিনকে চাপ দেবেন গেটস।
পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে গত কিছুদিনে। কিন্তু এক সময় রুশদের নিয়ন্ত্রণাধীনে থাকা দেশ দুটিতে এ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের উদ্যোগে স্নায়ু যুদ্ধকালীন উত্তেজনার আবহ ফিরে আসে।
কিন্তু গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা এ ব্যবস্থা থেকে সরাসরি লাভবান হওয়ার জন্য একটি কৌশলগত প্রস্তাব দেয় রুশ সরকারকে। ওই প্রস্তাবে বলা হয়, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তথ্য নেওয়ার সুযোগ দেওয়া হবে রাশিয়াকে। একইসঙ্গে এ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিও দেওয়া হতে পারে দেশটিকে।
মস্কোর পথে রওনা হয়ে গেটসের সফরসঙ্গী এক মার্কিন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, রুশ প্রেসিডেন্টকে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন গেটস। তিনি এও বলেন, পরিকল্পনা মতোই কাজ এগিয়ে নেবে পেন্টাগন। তবে রাশিয়া সহযোগিতা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের বিষয়।
পেন্টাগনের পরিকল্পনায় রয়েছে পোল্যান্ডে ১০টি ‘ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ ও চেক প্রজাতন্ত্রে রাডার বসানো। প্রস্তাবিত এ প্রকল্পে মার্কিনিরা ব্যয় করবে প্রায় সাড়ে তিনশ’ কোটি ডলার। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্যই এ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা।
এ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র বিরোধের বিষয়টিকে রাজনৈতিক নয় বলে দাবি করে আসছে ওয়াশিংটন। পেন্টাগন বলছে, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে তাদের এ ব্যবস্থা কখনোই কোনো রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
কিন্তু রাশিয়া বলেছে, বিষয়টি রাজনৈতিক ও কৌশলগত দুটোই। তাদের দাবি, ওই জায়গাগুলো রাশিয়ার সীমান্তের এতো কাছে যে এর ফলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। দেশটির কোনো কোনো কর্মকর্তা এও মনে করেন যে এ সব স্থাপনাতেই খোদ রাশিয়ার বিরুদ্ধেই অস্ত্র তাক করে বসতে পারে যুক্তরাষ্ট্র।
