২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’র সঙ্গে আলোচনার প্রক্কালেও পরমাণু কর্মসূচিতে অটল ইরান

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে ইরানের প্রধান পরমাণু আলোচক লারিজানির বৈঠক ২৫ এপ্রিল। কিন্তু এ বৈঠকের প্রাক্কালেও পরমাণু কর্মসুচি চালিয়ে যাওয়ায় অটল মনোভাব ব্যক্ত করেছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইরান ইইউ’র সঙ্গে আসন্ন বৈঠক আন্তরিক হবে এবং এর মধ্য দিয়ে সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলে আশার বাণী শোনালেও স্পষ্ট করে এও বলেছে যে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগাবে বলেই পশ্চিমাদের আশঙ্কা।

লারিজানি ও সোলানা বুধবার আলোচনায় বসছেন। জাতিসংঘ ইরানের ওপর নতুন করে ২য় দফা নিষেধাজ্ঞা আরোপের পর এটাই দুপক্ষের মধ্যকার প্রথম বৈঠক। বিশ্বের শক্তিধর দেশগুলোর ধারণা, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। সেকারণেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে তারা মরিয়া।

কিন্ত ইরান বরাবরই বলে আসছে পরমাণু বোমা বানানো তাদের লক্ষ্য নয়। কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে জ্বালানির জন্যই পরমাণু কর্মসূচি কাজে লাগানো হচ্ছে। কিন্তু ইরান সম্প্রতি বাণিজ্যিক ভিত্তিতে পরমাণু জ্বালানি তৈরির ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই কর্মসূচি নিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে।

এই সংশয়ের মধ্যেই আলোচনায় বসতে চলেছেন লারিজানি এবং সোলানা। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হুসেইনি বলেছেন, “দুই আলোচক কোথায় বৈঠকে বসবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তারা বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকবার ফোনে কথা বলেছেন।

মন্ত্রণাালয়ের নিয়মিত ব্রিফিংয়ে হুসেইনি বলেন, দুজনের আলোচনা সমস্যার আন্তরিক সমাধানের পথে এগুবে এবং অচলবস্থা নিরসনের পথ খুঁজে পাওয়া যাবে বলেই আশা করছেন তিনি। তবে তিনি বলেন, পরমাণু কর্মসূচি পরিচালনায় ইরানের অধিকার অক্ষুন্ন থাকার বিষয়টিই সবচে গুরুত্বপূর্ণ। এই কর্মসুচি নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়।