তিন মাসের জন্য সরে দাঁড়ালেন ইসরায়েলের অর্থমন্ত্রী
প্রতারণা ও তহবিল তছরুপের দায়ে অভিযুক্ত ইসরায়েলের অর্থমন্ত্রী আব্রাহাম হির্চসন তিন মাসের জন্য পদত্যাগ করেছেন। তার আইনজীবী রোববার একথা জানান।
আব্রাহামের আইনজীবী ইয়াকভ ওয়েনরত ইসরায়েলের সেনা বেতারকে বলেন, “মামলাটির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়তে তার প্রচুর সময় দরকার। ফলে এসময়ে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকাটা ঠিক মনে করছেন না তিনি। এজন্যই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।”
ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কেউ এ নিয়ে কোন মন্তব্য করেননি।
আব্রাহামের সরে দাাঁড়ানোর ফলে সাময়িকভাবে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে কাউকে খুঁজে নিতে হবে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে। আর্মি বেতার জানিয়েছে, ওলমার্ট নিজেই কিছুদিনের জন্য দায়িত্বটি পালন করতে পারেন কিংবা নিয়োগ দেওয়া হতে পারে অন্য কাউকেও। ওলমার্টের সহচর সাবেক বিচারমন্ত্রী হাইম র্যামোন-কেও এ দায়িত্ব দেওয়া হতে পারে।
একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সেখানকার তহবিল তছরুপের অভিযোগে গত কয়েকমাস ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ। সংস্থাটির এক কর্মকর্তার নিষিদ্ধ জুয়ার বাজিতে এ অর্থ লগ্নি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের মন্ত্রী ও আমলাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যববহারের সর্বশেষ নজির এটি। এর আগে গত কয়েকমাসে বেশ কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রীর বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে স্বয়ং এহুদ ওলমার্টের বিরুদ্ধেও, যদিও তিনি সে অভিযোগ অস্বীকার করেছেন।
