ইসরায়েলি সেনা অভিযানে পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি জঙ্গি নিহত
পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে রোববার দুই ফিলিস্তিনি জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় অধিবাসীরা এ খবর জানান।
স্থানীয়রা জানান, ইসরায়েলি সেনারা জঙ্গিদের খোঁজে সেখানকার একটি বাড়িকে ঘিরে ফেললে বন্দুকযুদ্ধ শুরু হয়। বাড়িটিতে আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের দুই সদস্য অবস্থান করছিলেন। তারা ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা চালায় এবং একপর্যায়ে গুলিবিদ্ধ হন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি ঘটনাটির বিস্তারিত জানেন না, তবে এ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে গত কয়েক মাসের সংঘর্ষের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল শনিবার। সেদিন পশ্চিম তীর ও গাজা উপত্যকায় পৃথক কয়েকটি ঘটনায় নিহত হয় ছয় ফিলিস্তিনি জঙ্গি। এর পরদিনই ঘটল দুই ফিলিস্তিনিকে হত্যার ঘটনা।
স্থানীয়রা জানান, রোববার নিহতদের একজন ইসরায়েলের তালিকাভূক্ত নেতৃত্বস্থানীয় জঙ্গি আমিন লুবাদি এবং অপরজন ফিদেল নূর। তারা আরও জানান, বাড়িটিতে কয়েক ঘণ্টা ধরে অভিযান চালানো হয় এবং সেখানে একটি রকেট হামলাও চালায় ইসরায়েলিরা।
