গণতন্ত্রের খোঁজে ভুটানের যাত্রা শুরু
শতবর্ষী রাজতন্ত্রকে বিদায় দিতে যাচ্ছে ভুটান। সে আনুষ্ঠানিকতার প্রথম ধাপটি পালিত হচ্ছে শনিবার। হিমালয়ের কোল ঘেঁষে সার্ক অঞ্চলের ছোট এই দেশটিতে নির্বাচন হচ্ছে। তবে সত্যি নয়, কৃত্রিম নির্বাচন। সুনির্দিষ্টভাবে বললে, চলছে আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মহড়া। এতে কৃত্রিম দল থাকছে, থাকছে কাল্পনিক নির্বাচনী প্রতিশ্রুতি।
ওই নির্বাচনী মহড়া মূলত বৌদ্ধ ভুটিয়াদের শতবর্ষী রাজতন্ত্রকে বিদায় দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই একে ঘিরে উৎসাহ-উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি রয়েছে আশঙ্কাও।
“রাজা আমাদের শান্তিতেই রেখেছেন,” বলছিলেন ৭০ বছর বয়স্ক ইউচু। পশ্চিমাঞ্চলীয় পারো শহরে এক ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এমনভাবেই প্রতিক্রিয়া জানান রয়টার্সের কাছে।
“রাজা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান, তবে আমি নিশ্চিত নই সাধারণ জনগণ কতোটা ভালোভাবে এ ক্ষমতা ব্যবহার করতে পারবে।”
কাছের একটি গ্রাম লাঙ্গো। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সেখানে লম্বা লাইন পড়েছে। ঐতিহ্যবাহী আলখাল্লা পরে এসেছেন বেশিরভাগ মানুষ। কেউ কেউ সিল্কের জ্যাকেটও পরেছেন।
সেখানে এক ভোটার চেনচো গেলতসেন অবশ্য দারুণ আশাবাদী। তার মতে, গণতন্ত্র হলো একটি কার্যকর শাসন ব্যবস্থা।
“আগে ক্ষমতাসীন মানুষজন কেবল নিজের আত্মীয়স্বজনদের প্রতিই মনোযোগী ছিলেন। কিন্তু এখন গণতন্ত্র এসেছে। কাজেই, যার যা প্রাপ্য তা পাওয়া উচিৎ।”
সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুক তার উপদেষ্টাদের মত উপেক্ষা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। এমনকি প্রজাদের কেউ কেউ তার এ সিদ্ধান্তের বিরোধী ছিলেন। কিন্তু মানানো যায়নি রাজা ওয়াংচুককে। ২৬ বছরের অক্সফোর্ড পড়ুয়া ছেলের কাছে গত ডিসেম্বরে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগেই তিনি ওই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী খান্দু ওয়াংচুক অবশ্য জানান, রাজার এ সিদ্ধন্তের পেছনে কোনো ধরনের ক্ষমতার দ্বন্দ্ব নেই, নেই দেশের ভেতর কিংবা বাইরের কোনো চাপ।
১৯৬০ সালেও দেশটিতে কোনো রাস্তা, এমনকি বিদ্যায়ল ও হাসপাতালও ছিল না। আর এখন দেশটিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হয়। গড় বয়স ৪০ এরও কম থেকে ৬৬ তে পৌঁছেছে। এসবই রাজা ওয়াংচুকের অবদান বলে মনে করেন প্রজারা।
লাঙ্গোর অধিবাসী ৬৫ বছরের শেরিং বিদার মতে, “রাজার শাসনামলে আমরা সুখেই আছি। তবে দেশে অবশ্যই গণতন্ত্র আসা উচিৎ। যেহেতু এটা রাজার সিদ্ধান্ত, তাই আমি নিশ্চিত এরপর থেকে দেশে আরও শান্তি ও সমৃদ্ধি আসবে।”
শনিবার ভোট গ্রহণ শুরু হয় হালকা বৃষ্টির মধ্যে। ভুটানিরা একে দেখে ভালো ইঙ্গিত হিসেবে। কারণ, শুভ কাজের শুরুতে বৃষ্টি দেশটিতে ‘স্বর্গ থেকে ফুলবর্ষণ’ হিসেবে বিবেচিত।
১৯৭২ সালে ওয়াংচুক যখন দেশের শাসনভার নেন তখন তার বয়স মাত্র ১৬। বৌদ্ধ ও ভুটানি সংস্কৃতির সংমিশ্রণের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ শাসন করেন তিনি। কারণ, তার কাছে মোট জাতীয় উৎপাদনের চেয়ে বেশি মূল্যবান ছিল দেশের মানুষের ‘মোট জাতীয় সুখ’।
১৯৮০’র দশকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা স্থানীয় সরকার গঠন করে তিনি গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেওয়ার সূচনা করেন। ১৯৯৮ সালে গঠন করেন মন্ত্রিপরিষদ।
তবে দেশটিতে গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে আশঙ্কায় আছেন অনেকেই। ভুটান টাইমসের সম্পাদক ২৮ বছরের গোপীলাল আচার্যের মতে অস্থিতিশীল এক অঞ্চলের দেশ হয়েও ভুটানের এই স্থিতি ভবিষ্যতেও টিকে থাকবে কিনা তা নিয়ে সন্ধিহান দেশের জনগণ।
“আমাদের প্রতিবেশী কয়েকটি দেশে গণতন্ত্র মোটেও সাফল্য পায়নি। তাই ভুটানেও এটা কতোটা সাফল্য পাবে, তা নিয়ে মানুষের মনে দ্বিধা রয়েছে।”
