উলফোভিচের কেলেঙ্কারি নিয়ে আরো তদন্ত করবে বিশ্বব্যাংক
বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিচের ভাগ্য নির্ধারণে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্বব্যাংক বোর্ড।
তারা কেলেঙ্কারির ঘটনাটি নিয়ে আরো তদন্ত করতে চায়। বিশ্বব্যাংক বোর্ড ইতমধ্যেই বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখার জন্য একটি কমিটিকে নির্দেশ দিয়েছে।
এক বৈঠকের পর বিশ্বব্যাংকের ২৪-জাতি বোর্ড বলেছে, বিষয়টি নিয়ে দ্রুত একটি সিদ্ধান্তে আসার জন্য তারা কয়েকটি পদ্ধতির ব্যাপারে একমত হয়েছে। এক বিবৃতিতে বোর্ড বলেছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি কর্মচারীদের নিয়ম ভঙ্গের বিষয়টি নিয়েও আলোচনা করেছে।
বৈঠকের পর বোর্ড সিদ্ধান্তে এসেছে যে, উলফোভিচের ঘটনায় অনেক ব্যাপারই আছে যেগুলো আরও ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
