‘সোমালিয়ায় বিপর্যয় ঘনিয়ে আসছে’
সোমালিয়ায় বিপর্যয় ঘনিয়ে আসছে। জাতিসংঘের সোমালিয়া বিষয়ক মানবাধিকার সংগঠনের প্রধান এরিক লারোক বৃহস্পতিবার এই সতর্কবাণী দিয়েছেন।
সোমালিয়ার যুদ্ধ পরিস্থিতির বর্ণনা দিয়ে এক সংবাদ সম্মেলনে এরিক বলেন, “প্রচণ্ড লড়াই, খাবার ও পানির অভাবে সোমালিয়া ছেড়ে পালাচ্ছে লাখো মানুষ, ডায়রিয়া মহামারীর প্রকোপে সেখানে ইতমধ্যেই মারা পড়েছে ৪০০র’ও বেশি লোক। গত মাসে সোমালিয়ায় কলেরার প্রকোপ দেখা দেয়। উপরন্তু এক দশক ধরে চলমান লড়াই এবং ত্রাণকর্মী আটকের ঘটনার কারণে সেখানে জাতিসংঘের উদ্ধারকর্মী দল পৌঁছানোই অসম্ভব হয়ে উঠেছে।”
এরিক আরো বলেন, “লড়াই বন্ধ না হলে এবং জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়াতে না পারলে সোমালিয়ার মানবিক সংকট অচিরেই বিপর্যয়কর হয়ে উঠবে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার ইথিওপীয় সেনাদের সঙ্গে সোমলি বিদ্রোহীদের আরেক দফা সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। সোমালি বিদ্রোহী ও ইসলামি মিলিশিয়ারা সোমালিয়ার অন্তর্বর্তী সরকার এবং সরকারের সমর্থক ইথিওপীয় সেনা ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের বিরুদ্ধে লড়ছে।
গত মাসে সোমালিয়ায় চার দিনের ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১ হাজার লোক। দু’পক্ষের মধ্যকার যুদ্ধবিরতিও কোনো কাজে আসেনি।
এরিক বলেন, “সোমালিয়ায় ডায়রিয়া মহামারী ভয়াবহ রূপ নিয়েছে। আসন্ন বর্ষাকালে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা না করা গেলে তাদের বাঁচানো যাবে না।” এরিক অভিযোগ করে বলেন, “সোমালিয়া সরকার জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলোকে দেশে প্রবেশ করতে দিতে সহায়তা করছে না।”
