নিজেকে দুর্বলদের বন্ধু ভাবতেন চো হুই
ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে সোমবার গুলি করে ৩২ জনকে হত্যার পর আত্মহত্যাকারী দক্ষিণ কোরিয় ছাত্র চো সেয়াং-হুই হত্যাযজ্ঞ চালানোর মাঝ পথে বিরতি নিয়েছিলেন। আর সে সময় তিনি তার ওই ঠাণ্ডামাথার নৃশংস কাজের কারণ সম্পর্কিত একটি প্যাকেজ মেইল করেন। কয়েকটি ছবি ও ভিডিওর ওই প্যাকেজে নিজেকে বেপরোয়া অস্ত্রধারী ও চরম ঘৃণ্য বলে বর্ণনা করার পাশাপাশি তিনি কী চান সে বার্তাও পাঠিয়েছেন।
বুধবার এনবিসি নিউজ এ প্রচারিত হয়েছে শিক্ষকদের কাছে মানসিকভাবে অসুস্থ হিসাবে বিবেচিত চো সিউং-হুইয়ের সে প্যাকেজ। যাতে প্রচণ্ড ক্ষোভের সঙ্গে সম্পদ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৯৯৯ সালে কলম্বিয়ান হাই স্কুলের হত্যাযজ্ঞের প্রশংসা করেছেন চো।
এনবিসি নিউজ বুধবারই প্যাকেজটি পায়। তারা প্যাকেজটি এফবিআইয়ের কাছেও দিয়েছে। প্যাকেজের ভিডিও অংশে চরম নিঃসঙ্গ চো বলেছেন, “আমাকে কোণঠাসা করে তোমরা আমার জন্য একটি মাত্র বিকল্প পথ খোলা রেখেছো।”
একইসঙ্গে চো বলেছেন, “সময়ে আসলে আমি এরকম করি, আমাকে করতে হয়। দুর্বল ও অসহায়দের জাগাতে যিশুর মতো আমার মৃত্যুর জন্য তোমাদের ধন্যবাদ।”
ভিডিওতে ২৩ বছর বয়সী ছাত্র চোকে রাগান্বিত চেহারায় কয়েকটি ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। আর ছবিগুলোতে তাকে দেখা যায় দুটি অস্ত্র হাতে উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। যে অস্ত্র তিনি সম্ভবত ব্যবহার করেছিলেন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে।
এছাড়া প্যাকেজটিতে রয়েছে হত্যাকাণ্ডের সময় চো যে পোষাকে ছিলেন সেই পোষাকে হাতে একটি করে হাতুড়ি ও চাকু নিয়ে হুমকি দেওয়ার এবং নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখার ভঙ্গিমার ছবি।
ভিডিওতে সুনির্দিষ্ট কাউকে নির্দেশ না করে চো বলেন, “এখন তোমাদের হাতে রক্ত রয়েছে যা কখনোই মুছবে না।”
এনবিসি নিউজ জানিয়েছে, তাদের নিউইয়র্কের প্রধান কার্যালয়ে তারা পান প্যাকেজটি। আর পাওয়ার হিসেব অনুসারে প্যাকেজটি চো মেইল করেছিল ডরমিটরিতে দুই জনকে হত্যা করার এবং দুই ঘণ্টা বাদে শ্রেণীকক্ষে ৩০ জনকে হত্যা করার মাঝের কোনো সময়ে।
