নির্বাচনের মহড়া হবে ভুটানে
শতবর্ষী রাজতন্ত্রকে বিদায় দিতে যাচ্ছে ভুটান। সে আনুষ্ঠানিকতার প্রথম ধাপটি পালিত হবে আগামী শনিবার। হিমালয়ের কোল ঘেঁষে থাকা সার্ক অঞ্চলের ছোট এই দেশটিতে নির্বাচন। সত্যি নয়, কৃত্রিম নির্বাচন। সঠিক করে বললে, এক ধরনের নির্বাচনী মহড়া। এতে ভোট থাকবে, ভোটার থাকবে, কৃত্রিম প্রার্থীও থাকবেন। সত্যিকার নির্বাচনের আরও বছরখানেক আগে তারই মহড়া হতে যাচ্ছে এটি।
এই নির্বাচনকে ঘিরেই অস্থির হয়ে আছেন একদল। এরা শরণার্থী এবং সংখ্যায় এক লাখেরও বেশি। নব্বইয়ে দেশটিতে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে মাথাচাড়া দিয়ে ওঠা আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিলেন এরাই। প্রশাসনের রোষানলে দেশত্যাগী এই মানুষগুলো এখন বাসভূমে ফিরে অংশ নিতে চাইছেন নির্বাচনে।
এদের অনেকে একইসঙ্গে প্রশ্নবিদ্ধ করেছেন গণতন্ত্রের এই ভুটানী সংস্করণকে। তাদের মতে, এটা হবে আদপে গণতন্ত্রের মোড়কে স্বৈরাচার। নেপাল সীমান্তে সাতটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এসব দরিদ্র নাগরিক হিন্দু ধর্মাবলম্বী এবং জাতিগত দিক থেকে নেপালি।
উনিশ শতকের শুরুতে ভুটানে তাদের অভিবাসন শুরু হয়েছিল। লোঠশাম্পাস নামেই বেশি পরিচিত এসব মানুষ ১৯৯০ সালে তাদের সংস্কৃতি ও ধর্মের ওপর আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদী হয়েই ভিটেমাটি হারিয়েছেন।
তিমাই শরণার্থী শিবিরে থাকা পরশু নেপাল যেমন বলেছেন, “ভুটানে গণতন্ত্র মানে কুমিরের চোখে জলের মতো। ভুটান আসলে মশকরা করছে। গণতন্ত্রের মোড়ক পড়িয়ে আসলে স্বৈরাচারিতাই হবে তা, যা শাসকদের নির্দেশ মতোই চলবে।”
চার পুরুষ ধরে ভুটানে বসবাসকারী দরবা লাল আচার্য্য দেশত্যাগী হয়েছিলেন সেনাদের অত্যাচারে। তার বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার অভিযোগ তুলেছিল তারা। বছরখানেক পর সেনাবাহিনী তার স্ত্রীকে পেটায় এবং ধর্ষণ করে। স্বামীর সঙ্গে যোগ দেন তিনিও। ফেলে আসা ২৬ একর জমির বসতিতে ফেরার আসায় উদগ্রীব ৭৮ বছর বয়সী দরবার আকুতি, “এটা কেমন গণতন্ত্র যেখানে আমরা লাখেরও বেশি মানুষ দেশান্তরী হয়ে আছি?”
ছয় লাখ ৩৫ হাজার অধিবাসীর ভুটান এখনও তেমন আধুনিক হয়ে ওঠেনি। দেশটিতে টেলিভিশন চালু হয়েছে ১৯৯৯ সালে। অফিস-আদালতে ও সামাজিক অনুষ্ঠানে জাতীয় পোষাক পড়া বাধ্যতামুলক। জাগতিক চাহিদাকে ছাপিয়ে রাজা জোর দেন বৌদ্ধ মূল্যবোধের ওপর।
আশির দশকে বৌদ্ধ সমাজপতিরা আতঙ্কিত হয়ে পড়েন এই ভেবে যে জাতিগত নেপালিরা তাদের নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক পরিচয়ের জন্য বড় হুমকি হতে যাচ্ছে। ভারতের সাহায্যে ১৯৭৫ সালে সিকিমের বৌদ্ধ শাসকগোষ্ঠীকে উৎখাত করেছিল জাতিগত নেপালিরা। তিব্বতে চীনা আগ্রাসনের তাজা স্মৃতি মাথায় নিয়ে ভুটানী শাসকরা মরিয়া হয়ে ওঠে হিমালয়ের শেষ রাজ্যটিকে যেকোনো মূল্যে বাঁচাতে। পরিণতিতে নেপালি বই পোড়ানো হয়, বিদ্যালয়গুলোতে নিষিদ্ধ হয় সে ভাষা এবং মানুষগুলোর বেশিরভাগই অবৈধ অভিবাসী কিংবা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা পায়। ১৯৯০ সালের বিক্ষোভের পর দশ হাজারেরও বেশি প্রতিবাদকারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, বেশিরভাগকে স্রেফ জাতীয়তার ভিত্তিতে। সরকার তাদের গড়া রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে ‘দেশবিরোধী সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে।
সরকারি বক্তব্য হচ্ছে, এসব শরণার্থীদের বেশিরভাগ খাটি ভুটানী নয়। প্রধান নির্বাচন কমিশনার কুনজাং ওয়াংদি তাই শরণার্থী দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য জানিয়ে বলেছেন, “ভুটান সরকারের জানা মতে, এসব দলের কোনো অস্তিত্বই নেই। আমরা ভুটানে বসবাসকারী ভুটানীদের জন্য এই নির্বাচনের আয়োজন করেছি।”
যারা দেশ ছাড়েননি, জাতিগত সেই নেপালিদের দুর্দশাও কম নয়। চাকুরি নেই, ছেলে-মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করাতে সমস্যা, ভোটাধিকার নেই-মানবেতর তাদের নাগরিক যাপন।
রয়েছেন আরও একদল শরণার্থী। মধ্য ও পূর্ব ভুটানের পাহাড়ি মানুষরা দাবি করেন যে তাদের সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের নায়িংমাপা ধারাটা পশ্চিমাঞ্চলের আগ্রাসনের শিকার। ভুটানে গণতন্ত্রের ধারণাটাকে তারা স্বাগত জানালেও চর্চাটাকে মানছে না।
১৯৯৭ সালে দেশত্যাগী থিনলে পেঞ্জোর ড্রুক ন্যাশনাল কংগ্রেস দলের নেতা। তার মতে, “গণতন্ত্রায়নের পুরো প্রক্রিয়াটাই একটা হাস্যকর প্রয়াস ও ধোঁকাবাজি। সব ধরনের মানুষের অংশগ্রহণে যে গণতন্ত্র, শাসকদের উচিত সেটাকেই অবলম্বন করা। ব্যতিক্রমী কিছু নয়।”
