২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেভাজন আল কায়েদা হামলায় বাগদাদে নিহত ১৯১

বাগদাদে বুধবার কয়েকদফা আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৯১ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের অনেকেই নারী ও শিশু বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মার্কিন সেনা কর্মকর্তারা বলছেন, এসব হামলার জন্য আল কায়েদা দায়ি বলেই প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 11:07 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

হামলাগুলোর একটি ছিল ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে রাজধানী বাগদাদে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। দুই মাস আগে মার্কিন ও ইরাকি যৌথবাহিনী বাগদাদে সাঁড়াশি অভিযান শুরুর পর এটাই ছিল বাগদাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন। প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি এ বছরের শেষ নাগাদ বিদেশি বাহিনীর হাত থেকে ইরাকের নিরাপত্তার ভার হাতে নেওয়ার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল।

এরমধ্যে মূলত সুন্নি অধ্যুষিত সাদরিয়া এলাকার একটি বাজারের কাছে গাড়িবোমা হামলায় ১৪০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। সদর সিটির একটি পুলিশ ফাঁড়িতে আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বাগদাদে তৃতীয় দফা বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সব মিলিয়ে নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ১৯১ ও ২৫০। পুলিশ একথা জানিয়েছে।

সাদরিয়ার এক দোকানি আহমেদ হামিদ জানান, ঘটনার পর রাস্তাগুলো রক্তের বন্যায় ভেসে যায়। এটি ছিল ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে রাজধানী বাগদাদে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “কয়েকজনকে মিনিবাসের ভেতরে পুড়িয়ে মারা হয়। নারীরা নিহত স্বজনদের শোকে চিৎকার করে কাঁদছিলেন।”

প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি হামলাকারীদের ‘রক্তচোষা’ ও ‘শয়তানের সেনা’ হিসেবে নিন্দা জানান। ওই সময় সাদরিয়াকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কমান্ডারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।

তেলআবিবে অবস্থানরত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একে ‘ভয়ঙ্কর’ ঘটনা হিসেবে আখ্যা দেন।

আপাতদৃষ্টিতে সমন্বিত ওইসব হামলা অল্প সময়ের মধ্যে সংগঠিত হয়। প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি এ বছরের শেষ নাগাদ বিদেশি বাহিনীর হাত থেকে ইরাকের নিরাপত্তার ভার হাতে নেওয়ার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রবিরোধী উগ্রপন্থী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন মালিকি। কিন্তু দেশকে এ বছরের শেষ নাগাদ বিদেশি সেনা মুক্ত করার কথা বলতে না বলতেই শিয়া এলাকাগুলোতে অন্ততপক্ষে পাঁচ দফা গাড়িবোমা হামলার এ ঘটনা সামনের দিনগুলোতে সরকারকে দেড় লাখেরও বেশি মার্কিন ও ব্রিটিশ সেনার কাছ থেকে বাগদাদের নিরাপত্তার ভার বুঝে নেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারিতে ইরাক-মার্কিন যৌথবাহিনীর জঙ্গি দমনাভিযান শুরুর পর বাগদাদে গোষ্ঠীগত ও আত্মঘাতী হামলার সংখ্যা কমে এলেও গাড়িবোমা হামলা বন্ধ করা যাচ্ছে না বলে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবারের হামলা বাগদাদে শিয়া-সুন্নি দাঙ্গা, বিশেষ করে সদরের মেহদি বাহিনীকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাগদাদে সাঁড়াশি অভিযান শুরুর পর তিনি আত্মগোপনে আছেন।

ইরাকে শিয়াদের ওপর অধিকাংশ হামলার জন্য আল কায়েদাকে দায়ি করা হয়। এ কারণে মেহদি বাহিনী আবারও বাগদাদের রাস্তায় লড়াই শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।