২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরের শেষ নাগাদ দেশের নিরাপত্তার ভার নেবে ইরাক: মালিকি

এ বছর শেষের আগেই গোটা দেশের নিরাপত্তার ভার নেয়ার পরিকল্পনা করেছে ইরাক সরকার। প্রধানমন্ত্রী নূরী আল মালিকি এক বিবৃতিতে একথা বলেছেন। মালিকির পক্ষ থেকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফফাক আল রুবাই বুধবার এই বিবৃতি পড়ে শোনান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ইরাক থেকে এক লাখ ৪৬ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রবিরোধী উগ্রপন্থী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন মালিকি।

বুধবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় মেসান প্রদেশের নিরাপত্তার ভার ব্রিটিশ সেনাদের হাত থেকে ইরাকি সেনাদের হাতে হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মালিকির ওই বক্তব্য পড়ে শোনান মুয়াফফাক।

বক্তব্যে মালিকি বলেন, “মেসান প্রদেশের পর স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরও তিনটি প্রদেশের নিরাপত্তার ভারও নেবে ইরাক। এ প্রক্রিয়া সম্পন্ন হবে এখন থেকে আর মাত্র এক মাস পর। ওই তিন প্রদেশের দায়িত্ব হাতে আসার পর দায়িত্ব নেওয়া হবে কারবালা এবং ওয়াসিত প্রদেশের। এভাবে এ বছরের শেষ নাগাদ একের পর এক প্রদেশের নিরাপত্তার ভার নেওয়ার কাজ চলতে থাকবে।”

মেসান প্রদেশের দায়িত্ব হাতে পাওয়ার পর মালিকি বলেন, “এ নিয়ে দেশের ১৮টি প্রদেশের চারটিই ইরাক সরকারের নিরাপত্তার আওতায় চলে এলো।”

এর আগে ইরাক থেকে বিদেশি সেনা সরানোর সময়সীমা নির্ধারণে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে মুকতাদা আল সদর মালিকির মন্ত্রিসভা থেকে তার অনুসারীদের বেরিয়ে আসার নির্দেশ দেন।

কিন্তু মালিকি বরাবরই বলে আসছেন, ইরাকি বাহিনী দেশের নিরাপত্তার ভার নিতে প্রস্তুত হওয়ার পরই কেবল মার্কিন সেনারা দেশ ছাড়তে পারে।