২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তালেবানদের অস্বীকার

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা ক্রমবর্ধমান হারে অসামরিক নাগরিকদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুদ্ধাপরাধ করছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) যে অভিযোগ করেছে, তাকে পুরোপুরি ভিত্তিহীন হিসেবে আখ্যা দিয়েছে তালেবানরা। বুধবার তালেবান মুখপাত্র জাবুল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 01:38 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তালেবান ও অন্যান্য জঙ্গি তৎপরতায় সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে প্রকাশিত এইচআরডাব্লিউর সর্বশেষ এই প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে, ‘দ্যা হিউম্যান কস্ট’। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অবনতিশীল পরিস্থিতিতে আরও বেশি করে অসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে তালেবানরা।

এতে আরও বলা হয়, ২০০৫ সাল থেকে আফগানিস্তানে আত্মঘাতী হামলা নাটকীয়ভাবে বেড়েছে এবং তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলো গত বছর প্রায় ৭০০ জন অসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।

সংস্থাটি আফগান তালেবানসহ অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ তোলে। সংস্থার ‘সন্ত্রাস ও সন্ত্রাসবিরোধী’ শাখার পরিচালক জোয়ান মেরিনার এক বিবৃতিতে বলেন, ‘‘২০০৫ সাল থেকে আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলা নাটকীয়ভাবে বেড়েছে। গত বছর তালেবান ও অন্যান্য জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০০ অসামরিক নাগরিক। এই জঙ্গিরা সরাসরি এদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুদ্ধপরাধ করছে। এমনকী তারা সেনা ফাঁড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর সময়ও শেষ পর্যন্ত অসামরিক নাগরিকরাই এর শিকার হচ্ছেন বেশি।”

মুজাহিদ এইচআরডাব্লিউর ওই প্রতিবেদকটিকে ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং পশ্চিমাদের মিথ্যা প্রচারণা হিসেবে দাবি করেন। তিনি বলেন, “তালেবানরা কেবল বিদেশি ও আফগান সেনা সদস্য এবং তাদের সহযোগীদের ওপরই হামলা চালায়।”

তিনি অসামরিক নাগরিকদের প্রাণহানির জন্য বিদেশি সেনাদের অভিযুক্ত করে বলেন, “মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীই অসামরিক নাগরিকদের হত্যার সংস্কৃতি চালু করেছে।”

“তারা আমাদের দেশের সব জায়গায় বোমাবর্ষণ করে আর অভিযান চালিয়ে হাজার হাজার অসামরিক নাগরিককে হত্যা করেছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তার খোঁজ রাখেনি।”

২০০১ সালে তালেবানদের পতনের পর মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় বেশ কিছু আফগান নিহত হন। আফগান সরকার এসব অভিযানের সময় বিদেশি সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বারবার অনুরোধ জানিয়ে আসছে।

মুজাহিদ এইচআরডাব্লিউ ও জাতিসংঘকে মার্কিনিদের হাতের পুতুল আখ্যা দিয়ে বলেন, “তালেবানরা কখনই অসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেনি। আমরা আফগানিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছি।”

আফগানিস্তান থেকে বিদেশি সেনা উৎখাতে লড়াই চালিয়ে আসছে তালেবানরা। পশ্চিমা বিশ্ব সমর্থিত আফগানিস্তানের হামিদ কারজাই সরকারের প্রতি ইঙ্গিত করে মুজাহিদ বলেন, “আমরা দখলদার বাহিনী ও তাদের আফগান সহযোগীদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব।”

ন্যাটোর হিসেবমতে, এ বছর ইতোমধ্যেই জঙ্গি হামলায় নিহত হয়েছেন কয়েকশ অসামরিক নাগরিক। অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের হিসেবমতে, যৌথবাহিনীর হাতে নিহত হয়েছেন ৯০০ আফগান। আর ৩০০ থেকে ৪০০ আফগানেরই মৃত্যু হয়েছে তালেবান জঙ্গি হামলায়।