উ কোরিয়ার পরমাণু চুল্লি বন্ধের কাজ শুরু করার খবর নিশ্চিত করেছে সউল
উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধ করা সংক্রান্ত কর্মতৎপরতা বাড়ার খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। সেদেশের একটি দৈনিক বুধবার এ খবর জানিয়েছিল।
‘১৩ ফেব্রুয়ারি সম্পাদিত ছয়জাতি চুক্তি অনুসারে উত্তর কোরিয়া যে তার ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু করেছে ওয়াশিংটন এমন কোনো আলামত পায়নি’-এক মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যের পর দৈনিক ডং-এ ইলবোতে এ খবর ছাপা হয়।
ডং-এ ইলবো জানায়, অজ্ঞাতপরিচয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে উপগ্রহচিত্রে ইয়ংবিয়ন পরমাণু চুল্লির কাছে গাড়ি ও লোকজনের যাতায়াত বেড়েছে বলে দেখা গেছে-মঙ্গলবার প্রকাশিত এ সংক্রান্ত তাদের একটি খবর নিশ্চিত করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ।
তবে এ বিষয়ে মন্তব্য করার জন্য সংস্থাটির কোনো মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, “দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো সঠিক নয়। উত্তর কোরিয়ার পক্ষ থেকে আমরা এমন কোনো আলামত পাইনি যাতে মনে করতে পারি যে তারা ৬০ দিনের কর্মকাণ্ড নিয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করছে।”
দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ফেব্রুয়ারির ছয়জাতি আলোচনায় সম্পাদিত চুক্তি অনুসারে ১৪ এপ্রিলের মধ্যে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু চুল্লি এবং সেটির অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধের কাজ শুরু করার কথা ছিল। পাশাপাশি জাতিসংঘের পরমাণু অস্ত্র পরিদর্শক দলকে পুনরায় উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার কথাও ছিল সে চুক্তিতে।
