ডাব্লিউটিওতে মার্কিন অভিযোগেও নকল প্রবণতা বন্ধ হবে না: চীন
চীনের বিরুদ্ধে নকল পণ্য তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) মামলা করলেও দুই দেশের মধ্যকার মেধাস্বত্ত্ব আইন সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে সহায়ক হবে না। চীনের এক কর্মকর্তা মঙ্গলবার এ মন্তব্য করেন।
বুশ প্রশাসন এ মাসের প্রথমদিকে চীনের বিরুদ্ধে ডাব্লিউটিওতে দুটি মামলা দায়ের করে। এর একটি হলো, মার্কিন সঙ্গীত ও চলচ্চিত্রের নকল সিডি তৈরি এবং আরেকটি হলো, বৈধ পণ্য রপ্তানিকারণ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে প্রবেশ রোধ করতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
ওয়াশিংটনের এসব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে চীনের জাতীয় কপিরাইট প্রশাসনের মুখপাত্র ওয়াং জিজিয়াং বলেন, এতে সমস্যার সমাধান হবে না।
“যুক্তরাষ্ট্র সরকার তাদের চলচ্চিত্র, বই ও সঙ্গীত বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে প্রবেশ করতে না দেওয়া সংক্রান্ত যে অভিযোগ দায়ের করেছে তা ভিত্তিহীন।”
চীন বরাবরই নকল পণ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দাবি করে থাকে। তবে দেশটিতে মার্কিন চলচ্চিত্র ও সঙ্গীতের নকল সিডি প্রকাশ্যেই বিক্রি হয় এবং এগুলোর দাম পড়ে সর্বোচ্চ আট ইউয়ান বা প্রায় এক মার্কিন ডলার।
ওয়াং স্বীকার করেন, চীন প্রতি বছর তাদের দেশে বাজারজাত করা মার্কিন চলচ্চিত্রের সংখ্যা নিয়ন্ত্রণ করে থাকে। তবে সঙ্গীদের ক্ষেত্রে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয় না বলে তিনি জানান।
তিনি বলেন, “চীনের মেধাস্বত্ত্ব আইন সংক্রান্ত সমস্যা নিয়ে ডাব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের অভিযোগ এক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে না।”
তিনি আরও বলেন, পণ্য নকল একটি বৈশ্বিক সমস্যা। তিনি অভিযোগ করেন, কানাডার মতো দেশগুলোতেও পণ্য নকল হওয়ার সম্ভাবনা থাকলেও তাদের বিরুদ্ধে ডাব্লিউটিওতে অভিযোগ করা হয় না।
চীনে বিক্রি হওয়া নকল পণ্য অন্য দেশ থেকে আসে বলে জানান রাষ্ট্রীয় মেধাস্বত্ত্ব কার্যালয়ের মুখপাত্র ইন জিনসিয়ান। তিনি বলেন, “এ সমস্যা সমাধানের সঠিক উপায় হলো আলোচনা ও সহযোগিতা, পরস্পরের সমালোচনা করা নয়।”
“চীনের মতো বিশ্বের আর কোনো দেশ মেধাস্বত্ত্ব রক্ষায় এতোটা তৎপর নয়।”
তিনি জানান, গত বছর আইন রক্ষাকারী বাহিনী বই ও সফটওয়্যারের ডিস্কসহ সাত কোটি ৩০ লাখ কপি নকল পণ্য আটক করে।
গত বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্তি দাঁড়ায় ২৩ হাজার ২০০ কোটি ডলারে। এরপর কংগ্রেস এর বিরুদ্ধে সরব হয় এই বলে যে এর ফলে যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা বাড়ছে।
