ইরাকে এসিড ট্রাক বোমা হামলার ব্যর্থ প্রচেষ্টা
বাগদাদের উত্তরে মার্কিন ও ইরাকি সেনাদের একটি যৌথ নিরাপত্তা কেন্দ্রে হামলা চালানোর আগে উল্টে গেছে নাইট্রিক এসিড ও বিস্ফোরক ভর্তি একটি ট্রাক। মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার এ খবর জানিয়েছে।
ট্রাকটি উল্টে না গেলে বোমা হামলায় নাইট্রিক এসিড ব্যবহারের সে প্রচেষ্টা পরিণত হতে পারতো ইরাকি গেরিলাদের হামলার এক নতুন কৌশল হিসেবে। এরা সাম্প্রতিক মাসগুলোতে প্রধানত পশ্চিমের আনবার প্রদেশে ক্লোরিন গ্যাস ভর্তি প্রায় এক ডজন ট্রাক বোমা হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, উল্টে যাওয়ার পর ট্রাক চালককে সাহায্য করতে এগিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। তখন তারা ট্রাকটির ভেতরে আট কন্টেইনার নাইট্রিক এসিড এবং বিস্ফোরক দেখতে পায়।
সেনাবাহিনী আরও জানিয়েছে, বাগদাদের উত্তরে মুশাদার যৌথ নিরাপত্তা কেন্দ্রে হামলা চালানোর জন্য তাকে অর্থ দেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন ট্রাক চালক।
