২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারের দাবি ছেড়ে দিন: ডেমেক্রেটদের প্রতি বুশ

ডেমোক্রেটদের ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তিনি বলেন, “ডেমোক্রেট নেতারা ইরাক থেকে সেনা প্রত্যাহারে অযৌক্তিক দাবি ছেড়ে দেবেন বলেই আমি আশা করি।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এর আগে সিনেটে ডেমোক্রেট নেতারা বুশের অনুরোধে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ ব্যয় সংক্রান্ত বিল অনুমোদনের পূর্বশর্ত হিসেবে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সোমবার বুশ ডেমোক্রেটদের কোনো দাবিই বিবেচনা করবেন না বলে জানালে দুপক্ষের মধ্যে সংঘাত স্পষ্ট হয়ে ওঠে।

বুধবারই ডেমোক্রেটদের সঙ্গে হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা বুশের। কিন্তু তার আগেই বুশ ডেমোক্রেট নেতাদের ইরাক থেকে সেনা ফেরানোর দাবি বাদ দিতে বললেন। কিন্তু কোনো শর্ত ছাড়া যুদ্ধ খরচ দেওয়ার বুশের এ আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নাভাদার ডেমোক্রেট হ্যারি রিড।

সাংবাদিকদের রিড বলেন, “প্রেসিডেন্ট কোনো শর্ত ছাড়া যুদ্ধ ব্যয় পেতে পারেন না। কারণ, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ভুল নীতিতে অর্থায়ন করলে তা সরকারের বিচার বিভাগীয় শাখার ভুল বলেই গণ্য হবে।”

বুশ বলেছেন, যুদ্ধ তহবিলের বিষয়টি নিয়ে তিনি বৈঠকে আলোচনা করতে চান। কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তারা স্পষ্টতই বলছেন, প্রেসিডেন্টের এ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা নেই। ওদিকে, বুশ বিষয়টি নিয়ে ডেমোক্রেটদের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ফেলার চেষ্টায় আছেন বললেও তিনি আলোচনার জন্য কঠিন সব শর্ত জুড়ে দিচ্ছেন।

বুশের কঠোর অবস্থানের মুখেও পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ডেমোক্রেটরা প্রেসিডেন্টের যুদ্ধ নীতির ব্যাপারে মতৈক্যে পৌঁছার চেষ্টা চালাবেন, যাতে দায়িত্বশীলভাবেই যুদ্ধের ইতি টানা সম্ভব হয়।

পেলোসি বলেন, “ইরাক নীতি পরিবর্তনের জন্য আমরা প্রেসিডেন্ট বুশের সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করতে প্রস্তুত। কিন্তু প্রেসিডেন্টকেও বাস্তবতা মেনে নিতে হবে এবং প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলা কিংবা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরত থাকতে হবে।”