২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসে গুলিবর্ষণ ঘটনার নায়ক দ কোরিয়ার ছাত্র চো হুই

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে ৩২ জনতে হত্যার নায়ক দক্ষিণ কোরিয়ার এক ছাত্র। পুলিশ তাকে চো সেউং-হুই নামে সনাক্ত করেছে। মার্কিন পুলিশ মঙ্গলবার একথা জানায়। তবে এ হত্যার উদ্দেশ্য কি পুলিশ তা জানাতে পারেনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

চো হুই-এর বয়স ২৩। হুই যুক্তরাষ্ট্রে বৈধভাবেই বসবাস করছে। একটা বন্দুক দিয়েই সে দু’দুটো হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ।

চো হুই সম্পর্কে আরও তথ্য দিয়ে পুলিশ জানায়, সে ইংরেজি সহিত্যের ছাত্র। তবে এ পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে ওই একই ছাত্র দুটি ঘটনায় জড়িত কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। এমন কথাই বলেছেন, ভার্জিনিয়া রাজ্য পুলিশের সুপারিন্টেনডেন্ট স্টিভেন ফা¬হেরটি। তবে তিনি বলেন, দুটি ঘটনাতেই চো জড়িত থাকার সম্ভাবনাই বেশি এবং এরকম মনে করারও যথেষ্ট কারণ আছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক মুখপাত্র ক্রিস বেন্টলি জানান, “চো দক্ষিণ কোরিয়ার নাগরিক। সে ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করছে। সে ও তার পরিবার ভার্জিনিয়ার সেনট্রাভিলে থাকে।”

দুই ঘণ্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ে ওই হত্যাকাণ্ড ঘটে। খুনি পরে একটি শ্রেণীকক্ষে ঢুকে আত্মহত্যা করে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। তবে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে জানান, খুনি ছয় ফুট লম্বা এশীয় পুরুষ যে একের পর এক শ্রেণীকক্ষে প্রবেশ করে অন্তত একটি বন্দুক ব্যবহার করে ঠাণ্ডা মাথায় শিক্ষার্থী ও কর্মীদের হত্যা করে।

পুলিশ বলছে, খুনি সম্ভবত শ্রেণীকক্ষে ঢুকে শিকল দিয়ে দরজা আটকে ফেলে যাতে আতঙ্কিত শিক্ষার্থীরা পালাতে না পারে। গুলিতে এবং জীবন বাঁচাতে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে ১৫ জন আহত হয়।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম গুলিবর্ষণের ঘটনার দুই ঘণ্টারও বেশি সময় পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র একটি ই-মেইল পাঠানো ছাড়া আর কোনোভাবে তাদের সতর্ক করেনি।

কারিগরী শিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অগ্রগণ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চার্লস স্টেগার সাংবাদিকদের বলেন, “আমরা জানতাম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের ধারণা ছিল, এটা কেবল একটি জায়গাতেই ঘটেছে।”

তিনি সঙ্গে সঙ্গে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার কিংবা শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার মতো জরুরি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেন।

পুলিশ প্রাথমিকভাবে একজন খুনিকেই সনাক্ত করে। পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে ভুল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিল কিনা-এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ প্রধান ওয়েনডেল ফ্লিনচহাম। তিনি শুধু বলেন, “আমি বলছি না যে খুনি পালিয়ে যেতে পেরেছে।”

প্রথমবার গুলিবর্ষণ শুরু হয় সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট আম্বলার জনস্টন হলে। ওই ছাত্রাবাসটিতে প্রায় ৯০০ শিক্ষার্থীর বাস। এরপর আরও ব্যাপক আকারে গুলিবর্ষণ চলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এলাকা নরিস হলে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়টি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দক্ষিণপশ্চিমে, রাজধানী ওয়াশিংটন থেকে ২৪০ মাইল দূরে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে সবচেয়ে ভয়াবহ ক্যাম্পাস হত্যাকাণ্ডটি ঘটেছিল ১৯৬৬ সালে অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসে। সে সময় প্রশিক্ষণপ্রাপ্ত বন্দুকধারী চার্লস হুইটম্যান তার মা ও স্ত্রীসহ ১৫ জনকে হত্যা করে।

ওই হত্যাকাণ্ডের পর টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, আতঙ্কিত শিক্ষার্থী ও পুলিশ মৃতদেহ ওই ভবন থেকে বের করে আনছেন। এ ঘটনা মার্কিনিদের স্মরণ করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে কলাম্বিয়ার একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার কথা।

ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন আইন নিয়ে বিতর্ক আবারও চাঙ্গা হয়েছে। অন্ত্র ধারণের অধিকারের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তিরা অস্ত্র বহন আইন কঠোর করার চেয়ে বরং শিথিল করার পক্ষে মত দিয়েছেন।

গান ওনার্স অফ আমেরিকার নির্বাহী পরিচালক ল্যারি প্রাটের মতে, এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে উন্মাদ কোনো বন্দুকধারীর হাতে দেশের বিদ্যালয়গুলো যেন জিম্মি হতে না পারে সেজন্য অস্ত্র বহন নিষিদ্ধ এলাকা সম্পর্কিত আইন তুলে দেওয়া উচিত।