যুক্তরাষ্ট্রে ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় নিহত ৩২
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার উন্মত্ত গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণে হতাহতের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই হত্যাযজ্ঞ।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে দুই ঘণ্টার ব্যবধানে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ধারণা করছে খুনি একজনই। সে বিশ্ববিদ্যালয়ের বিশাল আঙিনায় পৃথক দুটি স্থানে এই হত্যাযজ্ঞ ঘটায়। সকালের ক্লাস করতে আসা ছাত্রছাত্রীরা গুলিবর্ষণ শুরু হলে জীবন বাঁচাতে দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে।
প্রথমবার গুলিবর্ষণ শুরু হয় সকাল সোয়া সাতটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট আম্বলার জনস্টন হলে। এই ছাত্রাবাসটিতে প্রায় ৯০০ ছাত্র বাস করে। এরপর আরও ব্যাপক আকারে গুলিবর্ষণ চলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এলাকা নরিস হলে।
কারিগরী শিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অগ্রগণ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চার্লস স্টেগার এই ঘটনাকে চরম বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
গুলিবর্ষণ থামার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ প্রধান ওয়েনডেল ফিনচহাম জানান, খুনি বেঁচে নেই। তবে সে আত্মহত্যা করেছে না পুলিশের গুলিতে নিহত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ফিনচহাম বলেন “এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারছি, আমাদের ধারণা বন্দুকধারী একজনই ছিল।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই ঘটনায় মুষড়ে পড়েন। হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো জানান, “খবরটি শোনার পরপরই প্রেসিডেন্ট গুলিবর্ষণের শিকার ছাত্রছাত্রী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যসহ পুরো ভার্জিনিয়ার মানুষের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন।”
একজন ছাত্র-সাংবাদিক ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন এবং যুক্তরাষ্ট্রের টেলিভিশনগুলো অনবরত তা দেখাতে থাকে। ভিডিও চিত্রে দেখা যায়, “মুহুর্মূহু গুলিবর্ষণের মধ্যে লোকজন ঊর্ধ্বশ্বাসে ছোটাছুটি করছে।”
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়টি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দক্ষিণপশ্চিমে, রাজধানী ওয়াশিংটন থেকে ২৪০ মাইল দূরে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে সবচেয়ে ভয়াবহ ক্যাম্পাস হত্যাকাণ্ডটি ঘটেছিল ১৯৬৬ সালে অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসে। সে সময় প্রশিক্ষণপ্রাপ্ত বন্দুকধারী চার্লস হুইটম্যান তার মা ও স্ত্রী সহ ১৫ জনকে হত্যা করে।
