ইরান পরমাণু কর্মসূচি থেকে পিছু হটবে না: আহমাদিনেজাদ
ইরান পরমাণু প্রযুক্তির অধিকার থেকে পিছু হটবে না। সোমবার এমন কড়া কথাই শুনিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের সরকারি টেলিভিশন একথা জানায়।
শিরাজের কেন্দ্রীয় শহরে আয়োজিত এক সমাবেশের উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে আহমাদিনেজাদ বলেন, “ইরান তার নৈতিক অধিকার আদায়ে অটল থাকবে এবং পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার রক্ষায় এক কদমও পিছু হটবে না।”
তিনি বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলোর (জাতিসংঘের মতো) অপব্যবহার করে ইরানকে তার অধিকার ছেড়ে দিতে চাপ দেওয়া পশ্চিমাদের উচিত নয়।’’
এর আগে গত সপ্তাহে ইরান জানায়, তারা বাণিজ্যিকভিত্তিতে পরমাণু জ্বালানি উৎপাদন শুরু করেছে। পশ্চিমাদের আশঙ্কা, এ কর্মসূচি থেকে তারা পরমাণু বোমা তৈরির দিকে এগুতে পারে। তবে তেহরান তা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ উৎপাদনই তাদের লক্ষ্য।
বাণিজ্যিকভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর ঘোষণার পর পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইরান। পাশাপাশি ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া প্রশ্ন তুলেছে তেহরান আসলেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ওই পর্যায়ে পৌঁছেছে কিনা তা নিয়ে।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, পরমাণু কর্মসূচি সম্পর্কে ইরানের সর্বশেষ বিবৃতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার পথ খুলে দিয়েছে।
যদিও আহমাদিনেজাদ বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকারের কোনো ইচ্ছা নেই ইরানের।
সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে অস্বীকৃতি জানানোর কারণে মার্চে তেহরানের অস্ত্র রপ্তানি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ইরানের ওপর নতুন কতোগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
