ইরাক সরকার থেকে দলীয় মন্ত্রীদের পদত্যাগ করতে সদরের নির্দেশ
ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর সরকার থেকে দলীয় ছয় মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে সদরের এ নির্দেশের কথা জানান তার নিয়ন্ত্রিত রাজনৈতিক জোটের প্রধান নসর আল-রুবাই।
রুবাই সদরের একটি বিবৃতি পড়ে শোনান যাতে বলা হয়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবির সমর্থনে সদর ওই নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে রুবাই বলেন, “আমরা মনে করছি, ইরাক সরকার থেকে সদর নিয়ন্ত্রিত রাজনৈতিক জোটের মন্ত্রীদের অবিলম্বে প্রত্যাহার করা জরুরি। আমরা সে লক্ষ্যে এ নির্দেশ জারি করেছি।
ওই ছয় মন্ত্রী পদত্যাগ করলেও শিয়া প্রধানমন্ত্রী নুরী আল-মালিকির সরকারের পতন হবে না। তবে জাতীয় ঐকমত্যের সরকারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মালিকি বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন তিনি দেখছেন না। কারণ, ইরাকি বাহিনী যাতে শিগগিরই দেশের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে এবং মার্কিন সেনারা ইরাক ছাড়তে পারে তিনি সে চেষ্টাই করছেন।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে এবং মালিকি ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের এক বৈঠকের প্রতিবাদে সদরের সমর্থকরা পার্লামেন্টের অধিবেশন বর্জন করেছিলেন। পরে সরকারের সঙ্গে এক চুক্তিতে আসার পর তারা আবারও পার্লামেন্টে ফিরে আসেন গত জানুয়ারি মাসে।
বাগদাদের নিরাপত্তার কারণ দেখিয়ে বুশ ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করে আসছেন।
