২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নতুন করে আন্দোলনের হুমকি মাওবাদীদের

নেপালকে প্রজাতান্ত্রিক দেশ ঘোষণা দেয়ার জন্য সরকারকে চাপ দিতে নতুন গণপ্রতিবাদ কর্মসূচি শুরুর হুমকি দিয়েছে মাওবাদীরা। ‘নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হতে পারে’-নেপালের নির্বাচন কমিশনের এই আভাসের পর মাওবাদীরা নতুন করে আন্দোলনে নামার এই হুমকি দিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2007, 01:38 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রাজতন্ত্রের বিরুদ্ধে দশকব্যাপী সশস্ত্র আন্দোলনের পর একটি শান্তিচুক্তির আওতায় এ মাসে নেপালের অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। যে শান্তিচুক্তিতে গণপরিষদ বা সংবিধান রচনার জন্য নির্বাচিত প্রতিনিধিসভা গঠনের লক্ষ্যে ২০ জুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে নেপালে রাজতন্ত্রের ভবিষ্যৎ। নির্বাচিত গণপরিষদই রাজতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে ।

কিন্তু গত সপ্তাহে নেপালের নির্বাচন কমিশন জুনে নির্বাচন অসম্ভব বলে জানিয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নির্বচান অনুষ্ঠানের জন্য আরও সময় চেয়েছে কমিশন। কিন্তু মাওবাদীদের দাবি, নির্বাচনে দেরী হলে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে অন্তবর্তী পার্লামেন্টকেই।

মাওবাদী নেতা প্রচন্ডর অন্যতম সহযোগী বাবুরাম ভট্টরায় দাবি জনিয়ে বলেছেন, “নির্ধারিত সময়ে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের উচিত নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করা। আর রাজনৈতিক দলগুলো এতে একমত হলে এটিই হবে আমাদের ঐক্যের এক নতুন ভিত্তি।”

ভট্টরায় আরও বলেন, “রাজনৈতিক দলগুলো আমাদের প্রস্তাবে রাজি না হলে আমরা জনগণের কাছে যাব এবং গণপ্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে নামব।’’

তিনি বলেন, ৭টি মূল ধারার রাজনৈতিক দল এবং মাওবাদীদের ঐক্যের ভিত্তিতেই জুনে নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে। গত বছর দুপক্ষ যৌথভাবে রাজপথে আন্দোলন করে রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে।

ভট্টরায় বলেন, “কিন্তু ওই ঐক্যে এখন ফাটল ধরেছে। আমাদেরকে নতুন পথ খুঁজে বের করতে হবে।”

তবে শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে না ফেলার অঙ্গীকার ব্যক্ত করেছে মাওবাদীরা। যে চুক্তির কারণে অবসান হয়েছে প্রায় ১৩ হাজার লোকের প্রাণহানি ঘটানো দশকব্যাপী সংঘাতের।

ভট্টরায় আরও বলেন, “সরকার থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেই নি।”

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের একটি নতুন তারিখ নিয়ে মাওবাদীরাসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা।