২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় নিহত ১৫, ৪টি ব্রিটিশ-মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিয়া অধুষ্যিত এলাকায় রোববার পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন। ইরাকি পুলিশ এবং হাসপাতাল সূত্র এ খবর জানায়। একইদিনে অপর এক ঘটনায় দুটি মার্কিন ও দুটি ব্রিটিশ হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি বড় বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার। ওই ঘটনায় দুই মার্কিন সেনা নিহত এবং অপর পাঁচ জন আহত হয়েছে। সম্ভবত মাঝ আকাশের সংঘর্ষে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

একইভাবে বিধ্বস্ত হয়েছে দুটি ব্রিটিশ হেলিকপ্টারও। মাঝ আকাশে এই সংঘর্ষে দুজন ব্রিটিশ সেনা কর্মকর্তা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে।

হেলিকপ্টারগুলো শত্রুর গুলিতে নয় বরং মাঝ আকাশে সংঘর্ষের কারণেই বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।

এদিকে, বোমা বিস্ফোরণ সম্পর্কে ইরাকি পুলিশ জানায়, দুটি গাড়িবোমার প্রথমটি বিস্ফোরিত হয়েছে বাগদাদের প্রতিবেশী আল-শুরতা আল-রাবিয়ার কাছের একটি বাজারে। আর কয়েক সেকেণ্ড পর ২য় বোমাটি বিস্ফোরিত হয় পাশের এক চৌরস্তায়।

পুলিশ জানায়, এ সময় এলাকায় মর্টার হামলাও হয়েছে। টেলিভিশন ফুটেজে বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া ধাতব ধ্বংসাবশেষ। বিস্ফোরণে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হওয়া সম্পর্কে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গেরিলা হামলায় নয়, মধ্য আকাশে সংঘর্ষের কারণে ওই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

তাজিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিমান ঘাঁটির কাছের ওই সংঘর্ষ কোন্ ধরনের হেলিকপ্টারে হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি মার্কিন সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার কারণ জানতে তদন্ত হবে। যদিও প্রাথমিক তথ্যে বোঝা যাচ্ছে যে, শত্রুর গুলিতে নয়, মধ্য-আকাশের সংঘর্ষের ফলে ওই ঘটনা ঘটে।”

এ বছরের প্রথম দিকে এক মাসে ৮টি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরাকি গেরিলারা। তাতে নিহত হয় ২৮ জন, যাদের অধিকাংশই ছিল মার্কিন সেনা। ভূপাতিত ওই হেলিকপ্টারগুলোর ছয়টি ছিল মার্কিন সেনাবাহিনীর এবং অপর দুটি ছিল আমেরিকার দুটি প্রাইভেট নিরাপত্তা সংস্থার।

ইরাকে সর্বাত্মক গৃহযুদ্ধ ঠেকানোর সর্বশেষ প্রচেষ্টা হিসাবে বাগদাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দু’মাসব্যাপী নিরপত্তা অভিযানের কারণে সেখানে কমেছে টার্গেট হত্যার ঘটনা।

যদিও মার্কিন এবং ইরাকি কমান্ডাররা ঠেকাতে ব্যর্থ হচ্ছেন গাড়িবোমা ও আত্মঘাতী বোমা হামলা।

শনিবার পবিত্র নগরী কারবালার একটি জনাকীর্ণ বাস স্টেশনে আগ্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। আর শিয়া মুসলমানদের অন্যতম প্রধান তীর্থভূমির ওই ঘটনায় আহত হয় আরও কয়েক ডজন লোক।

একইদিনে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় জাদ্রিয়া সেতুর একটি চেক পয়েন্টের কাছে অপর এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয় আরও ১০ জন।

২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামারায় শিয়াদের একটি মাজারে বোমা হামলার পর শুরু হওয়া ইরাকের সংখ্যাগুরু শিয়া এবং এক সময়কার প্রভাবশালী সুন্নিদের মধ্যকার জাতিগত উদ্বেগ কমেনি আজও। সেই থেকে জাতিগত সহিংসতায় প্রাণহানি হয়েছে হাজার হাজার ইরাকির।