আফ্রিকায় গণতন্ত্র পরীক্ষার ভোটে নাইজেরিয়া
রাজ্য গভর্নর এবং সংসদ সদস্যদের নির্বাচনের লক্ষ্যে শনিববার ভোট দিচ্ছেন নাইজেরিয়ার নাগরিকরা।
আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ নাইজেরিয়া গণতন্ত্রের পথে কতটা এগিয়েছে-এ নির্বাচনের মধ্য দিয়েই তা বোঝা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এক সপ্তাহের মধ্যে দুদফায় অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। প্রথম দফায় রাজ্য গভর্নর ও সংসদ সদস্য পদে এবং দ্বিতীয় দফায় ভোট হবে প্রেসিডেন্ট পদে।
তবে শনিবার ভোট গ্রহণের সময় শুরু হওয়ার দুই ঘণ্টা পরও নাইজেরিয়ার সবচেয়ে বড় তিনটি শহরের বেশির ভাগ ভোট কেন্দ্রে দেখা যায়নি নির্বাচনী কর্মকর্তাদের এবং সেখানে পৌঁছায়নি নির্বাচনী সামগ্রীও।
নাইজেরিয়ার সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ শহর লাগোসের কম্পিউটার টেকনিশিয়ান সেগান ওলায়েমি বলেন, “আমি এখানে দুই ঘণ্টার বেশি সময় ধরে আছি। কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। তবুও আমরা অপেক্ষা করতে প্রস্তুত। কারণ, আমরা ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ।”
অন্যদিকে, নাইজেরিয়ার ‘ইনডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল’ কমিশন এর মুখপাত্র জানান, বিরোধী দলগুলোর শক্ত ঘাঁটি লাগোসে শেষ মুহুর্তের নিরাপত্তা সতর্ক সঙ্কেতের কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। এ সতর্ক সঙ্কেতের পর সেখানে অতিরিক্ত সেনা এবং পুলিশ মোতায়েন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রায় তিন দশকের ধারাবাহিক সেনা শাসনের পর ১৯৯৯ সালে গণতন্ত্র ফিরে আসে আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায়। আর ১৯৬০ সালের পর এবারের নির্বাচনের মাধ্যমেই নাইজেরিয়ায় সম্ভবত প্রথমবারের মতো একজন নির্বাচিত প্রেসিডেন্ট অপর একজন নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে সক্ষম হবেন।
