২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক সরকারের বিরুদ্ধে ৩ লাখ লোকের বিক্ষোভ

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টিকে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা থেকে বিরত রাখতে শনিবার আঙ্কারায় রাস্তায় বিক্ষোভে নেমেছে প্রায় তিন লাখ তুর্কি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রাজনৈতিক ইসলামের সঙ্গে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। এ অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পেতে আগ্রহী ধর্মনিরপেক্ষ ও মুসলিম অধুষ্যিত তুরস্কে বিতর্ক উঠেছে এরদোয়ানের সম্ভাব্য প্রেসিডেন্সি নিয়ে।

তুরস্কের জাতীয় পতাকা এবং জাতীয় নেতা মুস্তফা কামাল আতাতুর্কের ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। শ্লোগানে তারা বলে, “চিরকালের জন্য ধর্মনিরপেক্ষ তুরস্ক চাই’’।

তুরস্কের একটি স্বনামধন্য ধর্মনিরপেক্ষ সংস্থা আয়োজিত এ সমাবেশে যোগ দিতে গোটা দেশ থেকে হাজার হাজার লোক জড়ো হয় রাজধানী আঙ্কারায়। শনিবারের এ সমাবেশ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে।

একজন পুশিল কর্মকর্তা রয়টার্সকে জানান, বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা তিন লাখ। সমাবেশ শান্তিপূর্ণভাবে হলেও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ।

তুরস্কের ধর্মনিরপেক্ষ অভিজাত সম্প্রদায়ের মধ্যে রয়েছেন আর্মি জেনারেল এবং বিচারকরা। যাদের আশঙ্কা, এরদোয়ান প্রেসিডেন্ট হলে ধর্মনিরপেক্ষ তুরস্কের ভাবমূর্তি নস্যাৎ করার চেষ্টা চালাবেন ।

এদিকে, এরদোয়ান বা অন্য যে কাউকে তুরস্কের সাত বছর মেয়াদী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে একে পার্টির। ধারণা করা হচ্ছে, আগামী ১৮ এপ্রিল একে পার্টি প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করবে। আর মে মাসে ভোট হওয়ার কথা পার্লামেন্টে।

অন্যদিকে, এরদোয়ান তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ও ক্যারিশমাটিক নেতা হলেও সাম্প্রতিক মতামত জরিপে দেখা গেছে, তুরস্কের অধিকাংশ নাগরিকই তাকে প্রেসিডেন্ট হিসাবে চান না।