২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি ঘটনার শিকার’-বললেন উলফোভিৎসের বান্ধবী

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিৎস কেলেঙ্কারিতে জড়িয়ে এখন পদত্যাগের চাপের মুখে পড়েছেন যে নারীকে কেন্দ্র করে, সেই নারী এখন মুখ খুলেছেন। বলছেন, তিনি ঘটনার শিকার হয়েছেন। শাহা রিজা নামের এই নারী উলফোভিৎসের বান্ধবী বলেই পরিচিত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 02:09 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

উলফোভিৎস এর আগে বান্ধবীকে অনৈতিক সুযোগ দেয়ার কথা স্বীকারও করেছেন। এদিকে, রিজা বলছেন, ‘‘তিনি ঘটনার শিকার। যে বদলি তিনি কখনোই চাননি তা নিতে তাকে বাধ্য করা হয়েছে।’’

শাহা রিজা বলেন, উলফোভিৎসের সঙ্গে সম্পর্কের কারণে তাকে বাইরের এসাইনমেন্টে পাঠানোর খবর শুনে তিনি বিস্মিত হয়েছিলেন।

তিনি বলেন, “আমি আবারও বলতে চাই যে, আমি ব্যাংক ছাড়তে চাইনি এমনকী কোনো বিশেষ পদ বা পদোন্নতিও আমি প্রত্যাশা করিনি, করিও না।”

বিশ্ব ব্যাংকের মধ্যপ্রাচ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা রিজা বলেন, ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত শিগগির সম্ভব তিনি ব্যাংকের কাজে যোগ দিতে চাই।

তিনি বলেন, “আমি ব্যাংক ছাড়তে চাইনি। আমাকে একটি চুক্তিতে রাজি হতে বাধ্য করানোর জন্য গিনিপিগ বানানো হয়েছে। আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তা করা হয়েছিলো বলে আমি বিশ্বাস করি না’’।

এর আগে শাহা রিজাকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা স্বীকার করে পল উলফোভিৎস ক্ষমাও চান। কিন্তু নিজ কর্তৃত্বে বান্ধবীর পদোন্নতি ও বেতন বাড়ানোর অভিযোগে উলফোভিৎসের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকের কর্মচারীরা।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলফোভিৎস বলেন, “এ বিষয়ে আমার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা যাচাই করে দেখার জন্য আমি ব্যাংকের পরিচালনা পর্ষদকে আহ্বান জানিয়েছি।”

পর্ষদ যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত-এ কথা জানিয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, “আমার ভুল হয়েছে, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এদিকে, অনিয়মের অভিযোগে বিশ্বব্যাংকের কর্মচারীরা উলফোউইজের পদত্যাগ দাবি করে পরিচালনা পর্ষদের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

কর্মচারী ইউনিয়ন প্রেসিডেন্ট অ্যালিসন কেভ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, “প্রেসিডেন্ট কর্মকর্তা ও কর্মচারীদের আস্থা হারিয়েছেন। সুতরাং তার সরে পড়া উচিত।”

বর্তমান নেতৃত্বের অধীনে বিশ্বব্যাংক কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলেও ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

২০০৫ সালে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের দায়িত্ব নেন পল উলফোউইজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের ঘনিষ্ঠ সহযোগী পল এর আগে পেন্টাগনের দায়িত্বশীল পদে ছিলেন। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার হিসেবে তার সমালোচনা রয়েছে সারাবিশ্বে।

প্রেসিডেন্টের বিরুদ্ধে বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বিশ্বব্যাংকে কর্মচারীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ চলছে। তবে এর মাঝেও তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র টনি ফ্রাটো রয়টার্সকে বলেন, “এ বিষয়ে উলফোউইজ দায় স্বীকার করেছেন। তাছাড়া সমস্যা সমাধানেও তার আন্তরিকতার ঘাটতি নেই।”