কাস্ত্রো সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন: শাভেজ
কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো এখন প্রায় পুরোপুরি সুস্থ। অনানুষ্ঠানিকভাবে দায়িত্বেও ফিরেছেন। এ দাবি করেছেন কাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
শুক্রবার কারাকাসে সংবাদ সম্মেলনে হুগো শাভেজ বলেন, “ফিদেলকে এখন সুস্থই বলা যায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ফিরেছেন। তবে তার এ ফেরাটা এখনও অনানুষ্ঠানিক।”
গত বছর ৮০ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর দেহে শৈল্য চিকিৎসা হয়। সে জন্য ওই বছরের ৩১ জুলাই ভাই রাউলের কাছে সাময়িকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব হস্তান্তর করেন ফিদেল।
চিকিৎসাকালে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ফিদেলকে। ফলে এ নিয়ে বেশ গুঞ্জন সৃষ্টি হয়। অনেক দিন পর ভেনেজুয়েলা রেডিওতে এক অনুষ্ঠানে শাভেজের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন ফিদেল। পরবর্তীকালে কাস্ত্রোর একটি ভিডিওচিত্র প্রকাশ হয়। তাতে ফিদেলকে বেশ সজীব দেখাচ্ছিল।
কয়েক সপ্তাহ ধরে দলীয় পত্রিকায় কলাম লেখা পুনরায় শুরু করেন প্রবাদপ্রতীম এই কমিউনিস্ট নেতা।
২০ মার্চ কিউবার শিল্পমন্ত্রী জাদিরা গার্সিয়া জানান, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন কাস্ত্রো এবং শিগগিরই তিনি দায়িত্বে ফিরছেন।
একই দিন কলম্বিয়ার একটি পত্রিকায় ফিদেলের ছবি ছাপা হয়। তাতে দেখা যায় ঘনিষ্ঠ বন্ধু নোবেল বিজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সঙ্গে চ্যাট করছেন তিনি।
মার্কেসের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, যেমনটা এতদিন দেখে আসছি, ফিদেল তেমনই আছেন।
অসুস্থতার সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছিল, কাস্ত্রো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে তারাই উল্টো বলছেন, ফিদেল এখনও কিউবার সব কিছুর নিয়ন্তা।
