২ ফিলিস্তিনিকে ঢাল হিসাবে ব্যবহার: ইসরায়েলি কমান্ডার বরখাস্ত
ইসরায়েলি সেনারা ২ ফিলিস্তিনিকে মানব ঢাল হিসাবে ব্যবহার করায় ইসরায়েলি সেনা কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। ইসয়েলের সেনাবাহিনী একথা জানিয়েছে। নাবলুসে ফিলিস্তিনি কিশোরদের ছুঁড়ে মারা পাথর থেকে আত্মরক্ষায় সেনারা ২ ফিলিস্তিনিকে ঢাল হিসাবে ব্যবহার করে।
একটি ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখার পর ইসরায়েলি সেনাবাহিনী ওই সেনাদলের কমান্ডারকে বরখাস্ত করে। বিদেশি এক সাংবাদিকের তোলা এই ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা পাথর থেকে বাঁচতে ২ ফিলিস্তিনিকে তাদের সাজোঁয়া যানের সামনে দাঁড় করিয়ে রেখেছেন। এর আগে গত মাসেও নাবলুসে ইসরাইলি সেনারা ১১ বছরের একটি ফিলিস্তিনি মেয়েকে মানবঢাল হিসাবে ব্যবহার করেছিলো।
ইসরাইলের আইনে মানবঢাল ব্যবহার নিষিদ্ধ। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্ত কমান্ডার কোনো অভিযানে অংশ নিতে পারবেন না। পাশাপাশি এ সপ্তাহে নাবলুসে সেনাদের মানব ঢাল ব্যবহারের ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
ফিলিস্তিনি কর্মকর্তারা কয়েকটি মানবাধিকার সংস্থার কাছে বলেছেন, ‘‘ইসরায়েলিসেনারা ইদানিং প্রায়ই ফিলিস্তিনিদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। আর এভাবে তারা নীরিহ ফিলিস্তিনিদের জীবনে বিপদ ডেকে আনছে।’’
