ইরাক থেকে শিগগিরি সেনা কমানোর ইঙ্গিত গেটসের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই ইরাকে সেনাসংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরাকে মার্কিন সেনা বাড়ানোর পরিকল্পনার কথাই জানিয়েছিলেন তিনি। কিন্তু বাগদাদ পার্লামেন্টে বৃহস্পতিবারের বোমা হামলার কয়েকঘন্টা পরই তার গলায় শোনা গেলো ভিন্ন সুর। ইরাক থেকে শিগগিরি সেনা কমানোর সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে তার কথায়।
গেটস বলেন, ‘‘ইরাকে নির্ধারিত সময়ের পরও সেনা রেখে দেয়ার পেন্টাগনের সিদ্ধান্ত আমাদের জন্য দু:সংবাদই বয়ে এনেছে।’’ একারণে অচিরেই সেনা কমানোর নতুন খবর দিতে চান গেটস। এবছর শীতের মধ্যেই এর বাস্তবায়ন সম্ভব হবে কিনা জিজ্ঞেস করা হলে গেটস ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তবে তিনি এও বলেন যে, ইরাকের মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করেই সেখানে সেনা কমানো-বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে।
কানাডায় ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠক থেকে ফিরে গেটস সাংবাদিকদের জানান,“ সেনা কমানোর পরিকল্পনার কারণে নতুন সেনাদের এখনই ইরাকে যেতে হচ্ছে না।” উল্লেখ্য, ইরাকে সেনা বাড়ানোর পরিকল্পনা মোতাবেক এ বছরের শেষেই ইরাকে নতুন সেনা পাঠানোর সম্ভাবনা ছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গেটস জানান, বাগদাদ পার্লামেন্টে আত্মঘাতী হামলাকে ইরাকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ইঙ্গিত বলে মনে করেন না তিনি। গেটস বলেন, ‘‘আমরা সেখানে মাত্র অভিযান শুরু করেছি মাত্র। তা এখনো শেষ হয়নি।’’
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, “মার্কিন সেনারা বাগদাদে অভিযান বাড়ানোয় এমন হামলা হওয়াটা অপত্যাশিত কিছু ছিলো না।”
রাইস বলেন, “ভাল দিনের মতো খারাপ দিনও থাকবে, তবে নিরাপত্তা পরিকল্পনা মতো কমান্ডাররা তাদের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করছেন এবং জনগণকে আরও নিরাপদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
ফেব্রুয়ারি মাস থেকেই হাজার হাজার মার্কিন ও ইরাকি সেনা বাগদাদের নিরাপত্তা রক্ষায় সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে।
এদিকে, ইরাকি পার্লামেন্ট ভবনে হামলাকে ইরাক যুদ্ধের অবনতির প্রমাণ দাবি করে সিনেটের ডেমোক্রেট নেতা হ্যারি রিড বলেছেন, এ হামলা প্রমাণ করছে, যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সেনাদের ঘরে ফিরে আসা উচিৎ।
ওদিকে, ইরাক থেকে সেনা ফিরিয়ে আনার ডেমোক্রেটদের একটি প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বুশ। ইরাক যুদ্ধের জন্য জরুরী তহবিল বরাদ্দ করার বুশ প্রশাসনের প্রস্তাবের সঙ্গে সেনা ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করার শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ ‘হাউজ অব রিপ্রেজেনন্টেটিভস’।
