ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আব্বাস-ওলমার্ট বৈঠক শিগগিরি
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আইনগত, অর্থনৈতিক ও সরকারি কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত।
ওলমার্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রোববারেই এই বিষয়গুলো নিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হবে জেরুজালেমে। তবে ওলমার্টের কার্যালয় থেকে এও বলা হয়েছে যে, দুপক্ষের মর্যাদার মূল তিনটি বিষয়-যেমন: ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নির্ধারণ, জেরুজালেমের অবস্থান, এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভাগ্য নির্ধারণের বিষয়টি আলোচ্যসূচিতে স্থান পাবে না।
গত মাসে মধ্যপ্রাচ্যে রাইসের সফরকালে ইসরায়েল ও ফিলিস্তনের এ দু’নেতা বৈঠকে বসতে রাজি হন। সে সূত্রে রোববারের বৈঠকটিই হবে আব্বাস এবং ওলমার্টের মধ্যকার প্রথম বৈঠক। আব্বাস ও ওলমার্ট রাইসকে প্রতি দু’সপ্তাহ পরপর বৈঠকে বসার কথা দিয়েছিলেন।
