২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্টে বিশেষ অধিবেশন বসছে, হামলার ঘটনায় আটক ৩

ইরাকের পার্লামেন্টে আত্মঘাতী বোমা হামলার পরদিনই বিশেষ অধিবেশন বসছে। স্পিকার মাহমুদ মাশাদানির আহ্বানে শুক্রবার সকাল ১১ টায় এ অধিবেশন বসার কথা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এদিকে, বোমা হামলার ঘটনায় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পার্লামেন্টে কর্মরত কারও যোগসাজশ থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানানোর জন্যই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে ইরাকি পার্লামেন্টে। কিন্তু সকাল ১১ টার নির্ধারিত সময়েও সেখানে এমপিদের সমাগম দেখা যায়নি।

পার্লামেন্ট ভবনের ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবারের হামলায় ৮ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিন্তু ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল করিম খালাফ নিহতের সংখ্যা আরও কম বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মাত্র ২ জন নিহত হয়েছেন ওই ঘটনায়। নিহতদের একজন নারী বলেও জানান তিনি।

অন্যদিকে, পার্লামেন্টের এক কর্মকর্তা বলেছেন নিহত দু’জনই ইরাকি এমপি।

আত্মঘাতী হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও কোন ধারণা পাওয়া যায়নি। তবে যে ক্যাফেটেরিয়ায় বিস্ফোরণ হয় সেখানকার তিন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এমপিদের খাওয়ার সময় ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়ে ওই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী এক হামলাকারী।

এদিকে, পার্লামেন্ট ভবনে এ হামলার ঘটনাকে বাগদাদের সুরক্ষায় মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থায় চরম আঘাত বলেই বিবেচনা করা হচ্ছে। হামলার ঘটনা তদন্ত করে দেখছে ইরাকি সরকার। পার্লামেন্টের বাইরের মূল নিরাপত্তা চৌকি পার হয়ে ভেতরের আরও কয়েকটি স্থানের তল্লাশি পার হয়ে পৌঁছাতে হয় ওই ক্যাফেটেরিয়ায়। ফলে পার্লামেন্ট ভবনে কর্মরত কারও সঙ্গে জঙ্গিদের যোগসাজশ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

পার্লামেন্টে সুন্নিদের রাজনৈতিক জোট ‘একোরডেন্স ফ্রন্টের’ এক সদস্য সালিম আবদুল্লাহ এমপি বলেন, “ওরা এখানেও পৌঁছে গেছে, তার মানে এ এলাকায় অন্যান্য প্রতিষ্ঠানেও হামলা চালাতে সক্ষম তারা।”