বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা স্বীকার করলেন উলফোভিৎস
বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার কথা স্বীকার করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পল উলফোভিৎস। এজন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এদিকে নিজ কর্তৃত্বে বান্ধবীর পদোন্নতি ও বেতন বাড়ানোর অভিযোগে উলফোভিৎসের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকের কর্মচারীরা।
বৃহস্পতিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলফোভিৎস বলেন, “এ বিষয়ে আমার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা যাচাই করে দেখার জন্য আমি ব্যাংকের পরিচালনা পর্ষদকে আহ্বান জানিয়েছি।”
পর্ষদ যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত-এ কথা জানিয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, “আমার ভুল হয়েছে, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
বৃহস্পতিবারই বৈঠকে বসছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। বান্ধবী ও বিশ্বব্যাংকের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট চাকরি বিধি লঙ্ঘন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে ওই সভায়।
এদিকে, অনিয়মের অভিযোগে বিশ্বব্যাংকের কর্মচারীরা উলফোভিৎসের পদত্যাগ দাবি করে পরিচালনা পর্ষদের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
কর্মচারী ইউনিয়ন প্রেসিডেন্ট অ্যালিসন কেভ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, “প্রেসিডেন্ট কর্মকর্তা ও কর্মচারীদের আস্থা হারিয়েছেন। সুতরাং তার সরে পড়া উচিত।”
বর্তমান নেতৃত্বের অধীনে বিশ্বব্যাংক কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলেও ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
২০০৫ সালে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের দায়িত্ব নেন পল উলফোভিৎস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের ঘনিষ্ঠ সহযোগী পল এর আগে পেন্টাগনের দায়িত্বশীল পদে ছিলেন। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার হিসেবে তার সমালোচনা রয়েছে সারাবিশ্বে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বিশ্বব্যাংকে কর্মচারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে অসন্তোষ চলছে। তবে এর মাঝেও তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র টনি ফ্রাটো রয়টার্সকে বলেন, “এ বিষয়ে উলফোভিৎস দায় স্বীকার করেছেন। তাছাড়া সমস্যা সমাধানেও তার আন্তরিকতার ঘাটতি নেই।”
