নয়াদিল্লিতে বিশ্ববাণিজ্য আলোচনায় অগ্রগতির আশাবাদ যুক্তরাষ্ট্রের
বিশ্বে মুক্ত বাণিজ্য আলোচনার সংকট কাটিয়ে উঠতে শীর্ষ বাণিজ্য শক্তিগুলোর মত বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে নয়াদিল্লি বৈঠকে। সংকট কাটাতে বিশ্বশক্তিগুলোর সমঝোতার হতে পারে এ বৈঠকে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য আলোচক সুসান সোয়াব বৃহস্পতিবার চতুর্পক্ষীয় বাণিজ্য জোটের বৈঠক শুরুর আগে নয়াদিল্লিতে এ আশা ব্যক্ত করেন। বাণিজ্য আলোচনার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও ব্রাজিলের বাণিজ্যমন্ত্রীরা বৃহস্পতিবার এ বৈঠকে বসেছেন। কৃষি ভর্তুকি ও শুল্ক বাধা অপসারণ নিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর বিরোধ মেটানোই প্রাধান্য পাচ্ছে ওই বৈঠকে। মূল বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র-ইইউ এবং ইইউ-ব্রাজিলসহ কয়েকটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে।
সুসান সোয়াব বলেছেন,“ কেউই আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দিচ্ছেন না। কিন্তু বিভিন্ন শর্তসাপেক্ষে অনেক প্রস্তাব অনেক সম্ভাবনার কথা জানতে পারছেন সবাই। একটি আনুষ্ঠানিক সমঝোতা চেষ্টার জন্য এ ধরনের ছোট ছোট সংলাপ খুবই কাজের।”
তবে চতুর্পক্ষীয় জোট বা গ্রুপ ফোরের বৈঠকে বাণিজ্য আলোচনার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগাদা দেন তিনি। সুসান বলেন, “আমাদের সবাই যে তাড়া অনুভব করছি, বৈঠকে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার সেই তাড়াটা দেখতে চাই আমি।”
কৃষি ভর্তুকি কমানোর জন্য দীর্ঘদিন ধরেই প্রবল চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের ওপর। অন্যদিকে কৃষিজাত পণ্যের ওপর শুল্ক কমাতে চাপ রয়েছে ইইউর ওপর।
এদিকে, উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্বদানকারী ভারত ও ব্রাজিলের বাজারকে কৃষি ও শিল্পজাত দ্রব্যের জন্য আরও উন্মুক্ত করতে আহ্বান জানিয়ে আসছে শিল্পোন্নত দেশগুলো।
আট মাসেরও বেশি সময়ের প্রচেষ্টার পর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা এবারই প্রথম এ ধরনের বৈঠকে মিলিত হচ্ছেন।
প্রসঙ্গত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক মতপার্থক্যের কারণে গত বছর বিশ্ব বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পাসকেল লামি।
