পূর্ব তিমুরে ভোট পুনর্গনণার দাবী প্রত্যাখ্যান
ভোট পুনর্গণনার দাবি প্রত্যাখান করেছে পূর্ব তিমুরের নির্বাচন কমিশন। এদিকে, দেশটির মানুষ চেয়ে আছেন প্রধানমন্ত্রী জোসে রামোস-হোর্তা এবং ক্ষমতাসীন ফ্রেটিলিন পার্টির প্রার্থীর মধ্যে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনের দিকে।
সোমবারের নির্বাচন বেশিরভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যদিও দীর্ঘ সময় ধরে নির্বাচন অনুষ্ঠান এবং এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় উদ্বেগ সৃষ্টি হয়েছে দ্রারিদ্রপীড়িত এ দেশটির স্বাভাবিক স্থিতিশীলতা নিয়ে। যে দেশটি স্বাধীনতার পাঁচ বছর বাদেও সম্প্রদায়িক বিভক্তি জর্জরিত।
এ অবস্থায় এক সময়কার পর্তুগীজ উপনিবেশ এবং সংখ্যাগুরু রোমান ক্যাথলিক সম্প্রদায়ের দেশ পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অবস্থিত মাদার মেরির একটি প্রতিকৃতির কাছে রাতভর মোমবাতি জ্বালিয়ে শান্তির জন্য প্রার্থনা করেছেন কয়েক ডজন লোক।
নির্বচন কমিশনের মুখপাত্র মার্টিনহো গুসমাও জানিয়েছেন, ভোট বিতর্ক নিয়ে আলোচনার জন্য কমিশন প্রার্থীদের সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছে। যদিও তিনি বলেছেন, ফলাফলে তেমন বড় কোনো পরিবর্তন আসবে না এবং কয়েকজন প্রার্থীর ভোট পুনর্গনণাও আবেদনও প্রত্যাখান করেছেন।
গুসমাও বলেন, “পরিবর্তন আসলেও তা মারাত্মক হবে না। কোনো প্রার্থীই ৩০ শতাংশের বেশি ভোট পাবেন না।”
তিনি বলেন, এটা প্রায় নিশ্চিত রামোস-হোর্তা এবং ক্ষমতাসীন ফ্রেটিলিন পার্টির পার্লামেন্ট চিফ ফ্রান্সিসকো গুতারেস ২য় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পূর্ব তিমুরে পর্তুগীজ উপনিবেশ অবসানের পর ইন্দোনেশিয়ার শাসনের বিরুদ্ধে ২৪ বছরের যুদ্ধকালে ফ্রান্সিসকো গুতারেসকে গেরিলারা নাম দিয়েছিলেন “লু’ওলো”। আর এ নামেও ফ্রান্সিকোর রয়েছে বেশ পরিচিতি।
এক সংবাদ সম্মেলনে গুসমাও বলেন, সব অভিযোগই আপিল আদালতে জমা দেওয়া হবে।
তিনি বলেন, “আদালত সিদ্ধান্ত দিলে আমাদেরকে ভোট পুনরায় গণনা করতে হবে, আমরা তা করব।”
অর্ধেকের বেশি ভোট কোনো প্রার্থী না পেলে ৮ মে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে, গুতারেসের সুসংগঠিত ফ্রেটিলিন পার্টি পেয়েছে ২৯ শতাংশ ভোট এবং তাদের ব্যাপক সমর্থন রয়েছে পল্লী এলাকায়। অন্যদিকে, শান্তিতে নোবেল বিজয়ী এবং পূর্ব তিমুরের স্বাধীনতা অর্জনে বহির্বিশ্বে প্রচারণা চালানোর কাজে নেতৃত্বদানকারী রামোস-হোর্তা পেয়েছেন ২৩ শতাংশ ভোট।
নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ৩০ শতাংশ ভোটের বৈধতা নিয়ে এখনো বিতর্ক থাকলেও “আমাদের বুঝতে হবে যে এ নির্বাচনের জন্য আমরা ভালভাবে প্রস্তুত ছিলাম না এবং বিষয়গুলো ছিল কিছুটা অগোছাল।”
ডেমোক্রেটিক পার্টির ফারনান্ডো ডি আরাউজোসহ পাঁচজন প্রার্থী ব্যাপক অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানান বুধবার।
রামোস-হোর্তাও নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ার কথা বলেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি আরেকবার ভোট গণনা হওয়া উচিত। কারণ নির্বাচন নিয়ে মারত্মক অভিযোগ রয়েছে।”
তবে রামোস-হোর্তা বলেন, পুনরায় ভোট গণনা না হলেও স্থিতিশীলতার স্বার্থে তিনি ফলাফল মেনে নেবেন। যদিও ফ্রেটিলিনের হয়ে কয়েকটি জেলায় পুলিশ কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
রামোস-হোর্তা বলেন, নির্বাচনে সাহায্যকারী জাতিসংঘ মিশনের প্রধান তাকে বলেছেন, হয় নির্বাচনী কেন্দ্রের স্বল্পতা নতুবা খারাপ আবহাওয়ার কারণে ভোট দেয়নি প্রায় দেড় লাখ ভোটার।
