পাকিস্তানে শিয়া গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত ৫
পাকিস্তানের সন্দেহভাজন সুন্নি মুসলিম উপজাতিরা আফগান সীমান্তবর্তী একটি শিয়া গ্রামে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করেছে। সপ্তাহব্যাপী চলমান সাম্প্রতিক সহিংসতায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৪০ জনে।
পাকিস্তানে ১৯৮০'র দশক থেকে সাম্প্রদায়িক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। তবে সাম্প্রতিক সহিংসতা শুরু হয়েছে আফগান সীমান্তবর্তী উপজাতি এলাকায়। এসব এলাকায় আল-কায়দা, তালেবান ও এদের নেতাদের ধরতে অভিযান চালিয়ে আসছে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা।
একজন সরকারি কর্মকর্তা জানান, কুরাম উপজাতি এলাকার চরদিবার গ্রামে বন্দুকধারীদের অভিযানের পর সহিংসতা দমনের লক্ষ্যে বুধবার রাতে সেনাবাহিনী অবস্থান নিয়েছে।
এলাকাটির শীর্ষ সরকারি কর্মকর্তা সাহিবজাদা মোহাম্মাদ আনিস বৃহস্পতিবার বলেন, “যেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে সেখানেই সেনারা ঝাঁপিয়ে পড়ছে।”
তিনি বলেন, বন্দুকধারীরা বুধবার চরদিবারে অভিযান চালায়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি। তিনি বলেন, গ্রামটিতে অভিযানের আগেই এক সপ্তাহের সহিংসতায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক সরকারি কর্মকর্তা জানান, চরদিবারে পাঁচ গ্রামবাসী নিহত ও ছয়জন আহত হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
অঞ্চলটির প্রধান শহর পারাচিনারে এক ধর্মীয় শোভাযাত্রায় এক অপমানসূচক ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহের শেষ দিকে সংঘর্ষ শুরু হয়। গত শুক্রবার সেখানে কারফিউও জারি করা হয়েছিল। কিন্তু তাতে সহিংসতা দমেনি।
পাকিস্তানের অধিকাংশ শিয়া ও সুন্নি শান্তিতে বসবাস করলেও সাম্প্রদিক বছরগুলোতে বেশ কিছু শহর ও নগরে জাতিগত সহিংসতা বেড়েছে।
পৃথক আরেকটি ঘটনায় বৃহস্পতিবার ইরান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্যাস-সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে চার বন্দুকধারী এবং আধাসামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে বন্দুকধারীদের পরিচয় জানা যায়নি।
