ওলমার্টের কেলেঙ্কারি তদন্তে দুই ব্যবসায়ীকে জেরা করবে পুলিশ
২০০৫ সালে একটি ব্যাংক বেসরকারিকরণে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট-এর ভূমিকা তদন্তের জন্য দুই বিদেশি ব্যবসায়ীকে জেরা করার পরিকল্পনা করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের ইয়েদিয়ত আহরনত পত্রিকা বৃহস্পতিবার একথা বলেছে।
গত জানুয়ারীতে রাষ্ট্রীয় কৌসুলি ওলর্মাটের অপরাধ তদন্তে এক আদেশ জারি করেন। এতে ওলর্মাট দু’বছর আগে অর্থমন্ত্রী থাকার সময়, লিউমি ব্যাংক বিক্রিকালে ওই দুই ব্যবসায়ীর লাভ্যাংশ দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়।
ইসরায়েলের জাতীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তিনি ইয়েদিয়ত আহরনত পএিকায় প্রকাশিত রিপোর্টটি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করতে পারছেন না। গণমাধ্যমে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই দুই ব্যবসায়ী ওলমার্টের বন্ধু বলে উল্লেখ করা হয়েছে।
ওলমার্ট ২০০৪ সালের জমিজমা সংক্রান্ত মামলাসহ অন্যান্য সব মামলায় কোনরকম অপরাধ করার কথা অস্বীকার করেছেন।
ইয়েদিয়ত পত্রিকা এক পুলিশ সূএের উদ্ধিতি দিয়ে জানায়, ওলমার্টের অপকর্ম তদন্তে তথ্য-প্রমাণের পুরো দলিল দাঁড় করাতে ওই দুই ব্যবসায়ীকে জেরা করা প্রয়োজন।
উল্লেখ্য, লেবানন যুদ্ধের কারণে ওলমার্টের জনপ্রিয়তা ইতিমধ্যেই অনেকখানি হ্রাস পেয়েছে। তার ওপর অন্যান্য কেলেঙ্কারিতে তার অপরাধ প্রমাণ হলে তার জনসমর্থন আরো কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
পুলিশ গত মঙ্গলবার ওলমার্টকে ইসরাইলি কর কর্তৃপক্ষে দুর্নীতির ঘটনা তদন্তেও জিজ্ঞাসাবাদ করেছে। যদিও পুলিশ বলেছে ওলমার্ট এক্ষেত্রে সন্দেহভাজন নন।
