২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটি তাদের সবচেয়ে দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে অবস্থিত হুইলার দ্বীপে। তিন হাজার কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম অগ্নি-৩ এর প্রথম পরীক্ষা চালানো হয় গত বছর জুলাই মাসে। তবে ওই পরীক্ষা ব্যর্থ হয় এবং ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরে ভেঙে পড়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

হুইলার দ্বীপ থেকে প্রতিরক্ষা পবেষণা ও উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ডাব্লিউ সেলভামূর্তি রয়টার্সকে বলেন, “হ্যাঁ, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সম্পূর্ণরূপে সফল হয়েছে। এটা স্থানীয় সকাল ১০টা ৫০ মিনিটে (গ্রিনিচ সময় ৫টা ২০ মিনিট) উৎক্ষেপণ করা হয় এবং ১১ টা ৫ মিনিটে লক্ষ্যবস্তুতে ঠিকমতো আঘাত হানে। আমরা এ ফলাফলে অত্যন্ত খুশি। গত বছর উৎক্ষেপণের সময় যে ভুলগুলো ছিল তা আমরা শোধরাতে পেরেছি। আমরা ঠিক যা চেয়েছিলাম, এটা সে অনুযায়ীই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

ভারতের ১০০ থেকে ১৫০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। দেশটি ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু অস্ত্রের দুটি পরীক্ষা চালায়। অগ্নি সিরিজের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আছে তাদের।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, চীনের সামরিক শক্তি মোকাবেলায় অগ্নি-৩ ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত। এছাড়া প্রতিবেশী পাকিস্তানের হুমকি মোকাবেলায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি।