ব্রিটিশ নৌসেনাদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র বাজারে ছাড়ছে ইরান
ইরানের হাতে ১৩ দিন আটক থাকা ব্রিটিশ নৌসেনাদের গ্রেপ্তার, তাদের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনা এবং তাদের মুক্তি দেওয়া নিয়ে একটি প্রামাণ্যচিত্র বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইরানি সেনাবাহিনী। দেশটির এক সেনা মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
“তাদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের বিষয়ে স্বীকারোক্তি এবং তাদের মুক্তি দেওয়ার ঘটনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানানোর কাজ চলছে,” ইরানি সেনাবাহিনীর প্রচারণা বিষয়ক উপপ্রধান কমান্ডার আলীরেজা আশরাফ এক বিবৃতিতে একথা জানান।
ফ্যাক্স করে পাঠানো ওই বিবৃতিতে তিনি আরও বলেন, খুব শিগগিরই প্রামাণ্যচিত্রটি বাজারে ছাড়া হবে।
পারস্য উপসাগর থেকে আটক করার ১৩ দিন পর গত বৃহস্পতিবার এক নারী সেনাসহ ১৫ ব্রিটিশ নৌসেনাকে মুক্তি দেয় ইরান। এর আগে ব্রিটিশ নৌসেনাদের অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করে ক্ষমা চাওয়ার বেশকিছু ভিডিও ফুটেজ দেখানো হয় ইরানি টেলিভিশনে।
কিন্তু ব্রিটেনে ফেরার পর সরকারিভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের ওপর নির্যাতন চালানোর এবং ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের কথা জানান ব্রিটিশ নৌসেনারা। তারা বলেন, তাদেরকে চোখ বাঁধা অবস্থায় হাত পা বেঁেধ রেখে একেকজনকে একেক জায়গায় আলাদাভাবে বন্দি করে রাখা হয় এবং সাত বছরের কারাদণ্ডের ভয় দেখানো হয়।
কমান্ডার আলীরেজা ব্রিটিশদের সংবাদ সম্মেলনকে ‘মিথ্যা প্রচারণার জন্য শিশুতোষ নাটক’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান। তিনি বলেন, “ব্রিটিশ নৌসেনাদের ক্ষমা করে দেওয়ার ঘটনায় ইসলামিক রিপাবলিক অফ ইরানের উদারতায় কৃতজ্ঞতা না জানিয়ে ব্রিটিশরা একটি শিশুতোষ নাটক মঞ্চস্থ করেছে।”
এদিকে ব্রিটিশ বন্দিদের নিয়ে জনগণের ব্যাপক আগ্রহের কথা বিবচেনা করেই সেনাবাহিনীর আইন সংশোধন করে প্রামাণ্যচিত্রটি বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
