২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার তহবিল মুক্ত করল যুক্তরাষ্ট্র

ম্যাকাউ ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার কোটি কোটি মার্কিন ডলার মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলববার এই ঘোষণা দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র বলেছে, এখন পিয়ংইয়ংকে ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি বন্ধের কাজ শুরু করতে হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

উত্তর কোরিয়ার দাবি ছিলো, ম্যাকাউয়ের ‘বাঙ্কো ডেল্টা এশিয়া’য় ২০০৫ সালে জব্দ করা আড়াই কোটি মার্কিন ডলারের তহবিল মুক্ত হয়ে গেলেই তারা ওই পারমাণবিক চুল্লি বন্ধ করবে। চুল্লিটি থেকে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হয়।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে দুই মাস আগে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, পিয়ংইয়ংয়ের ইয়ংবেয়ন পরমাণু স্থাপনা বন্ধের সর্বশেষ সময়সীমা আগামী শনিবার।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক ওয়াশিংটনে বলেছেন, ‘‘ম্যাকাউ ব্যাংক উত্তর কোরিয়ার জব্দ করা একাউন্ট খুলে দিয়েছে। এখন একাউন্ট হোল্ডাররা অর্থ তুলে নিতে পারেন। আর ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধের বিষয়টি সমাধা করার ভারও আমরা ম্যাকাউ কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিচিচ্ছ’’। ‘ম্যাকাউ মনিটরিং অথোরিটি’র এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে “অল্প কয়েক দিনের” মধ্যেই একটি ঘোষণা দেওয়া হবে।

অর্থ পাচারের সঙ্গে ম্যাকাউ ব্যাংক জড়িত-যুক্তরাষ্ট্রের এ অভিযোগের পর জব্দ করা হয়েছিল উত্তর কোরিয়ার তহবিল।

ম্যাকাউ ব্যাংকে জব্দ টাকা মুক্ত না করায় ক্ষিপ্ত হয়ে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে মার্চে অনুষ্ঠিত ছয়-জাতি আলোচনা থেকে ওয়াকআউট করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার আণবিক অস্ত্র পরীক্ষার পাঁচ মাস পর অনুষ্ঠিত হয় ওই আলোচনা।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের এ ঘোষণা এমন সময়ে এসেছে যখন কোরীয় উপদ্বীপের দু’দেশ সফরে রয়েছেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রধান পরমাণু আলোচক ক্রিস হিল সিউলে মঙ্গলবার বলেছেন, “আমি মনে করি এসব তহবিল মুক্তির মধ্য দিয়ে আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দিনে পৌঁছেছি।”

তিনি বলেন, “এখন আমাদের প্রয়োজন ব্যাংকিং ইস্যু থেকে সরে এসে ফেব্রুয়ারিতে উপণীত চুক্তির আসল উদ্দেশ্য পারমাণবিক কর্মসূচি বন্ধের দিকে এগিয়ে যাওয়া’’।

এদিকে, পিয়ংইয়ংয়ের উপর চাপ প্রয়োগ করে জাপান বলেছে, পরমাণু পরীক্ষার জবাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ তারা আরও বাড়াবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো সাংবাদিকদের বলেন, অবরোধের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হবে।

দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৩ ফেব্রুয়ারি সম্পাদিত চুক্তিতে জ্বালানি সাহায্যের বিনিময়ে পিয়ংইয়ংকে পরমাণু স্থাপনাগুলো বন্ধ করার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়।

এদিকে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য সোমবার পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হন নিউ মেক্সিকো গভর্নর বিল রিচার্ডসন।

১৯৫৩ সাল থেকে কোরীয় উপদ্বীপ বিভাজক বেসামরিক এলাকা বুধবার পার হয়ে মার্কিন সেনাদের দেহাবশেষ নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পরিকল্পনা নিয়েছেন রিচার্ডসন। দেহাবশেষগুলো কাদের তা সনাক্ত করতে হাওয়াই পাঠানো হবে।

উত্তর কোরিয়া নিয়ে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু-হিউন এবং সফররত চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মধ্যেও আলোচনা হয়েছে।